ফল বিপর্যয়, ৯ শিক্ষক সাময়িক বরখাস্ত
এবারের এসএসসি পরীক্ষায় লালমনিরহাট শহরের কবি শেখ ফজলল করিম বালিকা উচ্চবিদ্যালয়ের কারিগরি শাখার পরীক্ষার্থীদের ফল বিপর্যয়ের ঘটনায় বিদ্যালয়ের নয় শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার এ সিদ্ধান্ত হয়।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান তাঁর নির্বাহী ক্ষমতা বলে গত রোববার ওই নয় শিক্ষককে সাময়িক বরখাস্তের আদেশ দেন বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল হক জানান। পরে গতকাল পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদের বৈঠকে তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়। নয় শিক্ষক হলেন: হাসান আলী, আবদুল লতি, জরিনা বানু, সাহিদুল ইসলাম, আবদুর রাজ্জাক, শফিয়ার রহমান, সোলায়মান আলী মণ্ডল, আলতাফ হোসেন ও শফিকুল ইসলাম।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ভুলবশত পরীক্ষার রোল নম্বরের পরিবর্তে রেজিস্ট্রেশন নম্বরের পাশে বিদ্যালয়ের পরীক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষার নম্বর লিখে বোর্ডে পাঠানো হয়। বোর্ড কর্তৃপক্ষ ৬ মের মধ্যে সঠিকভাবে পরীক্ষার্থীদের নম্বর বোর্ডে জমা দিতে বলে। নির্ধারিত সময়ের মধ্যেই ভুল সংশোধন করে পরীক্ষার্থীদের নম্বরের তালিকা বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষক আবদুল লতিফ বোর্ড গিয়ে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। তা সত্ত্বেও গত শনিবার এসএসসি পরীক্ষার ফলাফলে বিদ্যালয়ের ৩৬ পরীক্ষার্থীর সবাইকে অকৃতকার্য দেখানো হয়।
প্রধান শিক্ষক মাহবুবুল হক বলেন, ‘ফল প্রকাশের পরপরই শনিবার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকসহ অন্যান্য কর্মকর্তাকে সমস্যাটি জানিয়ে তা দ্রুত সমাধানের অনুরোধ করি। এ পরিপ্রেক্ষিতে গত রোববার কর্তৃপক্ষ সংশোধিত ফল প্রকাশ করে। এতে ১৪ জন জিপিএ-এ পেয়েছে বলে দেখানো হয়। বাকি ২২ জন অকৃতকার্য হয়েছে।’
সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষকদের অন্যতম সোলায়মান আলী মণ্ডল বলেন, ‘বিদ্যালয়ের কারিগরি শাখার শিক্ষকেরা এমপিওভুক্তিসহ নানা সমস্যায় কেউ চাকরি ছেড়েছেন, কেউ আসছেন না। এ অবস্থায় বিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে আমরা অতিরিক্ত দায়িত্ব হিসেবে কারিগরি শাখার শিক্ষার্থীদের পাঠদানসহ অন্যান্য সহযোগিতা দিয়ে আসছি। এ অবস্থায় আমাদের চাকরি থেকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া কতটুকু যুক্তিসংগত তা পুনর্বিবেচনার দাবি রাখে।’
এ ব্যাপারে সভাপতি মিয়ার রহমান মুঠোফোনে বলেন, ফল বিপর্যয়ের ঘটনা খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। তিন দিন পর কমিটি প্রতিবেদন দিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ই মোসলেম উদ্দিন বলেন, ‘বিদ্যালয়ের প্রধান শিক্ষক কারিগরি শাখার এসএসসির ফল বিপর্যয়ে নয় শিক্ষককে সাময়িক বরখাস্তের কথা আমাকে জানিয়েছেন।’