ফল বিপর্যয়ের কারণে হামলা, ভাঙচুর?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার গচিহাটা কলেজে গত সোমবার দুপুরে হামলা ও ভাঙচুর করেছেন অভিভাবক ও এলাকাবাসী। তাঁদের অভিযোগ, অধ্যক্ষের গাফিলতির কারণে এবারের এইচএসসি পরীক্ষায় কলেজটির ফল বিপর্যয় ঘটেছে।

কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মেজর (অব.) আক্তারুজ্জামান এ হামলার নেপথ্যে রয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি গতকাল মঙ্গলবার কলেজে এসে হামলাকারীদের ধন্যবাদ দেওয়ায় এ সন্দেহ আরও ঘনীভূত হয়েছে।

তবে হামলায় ইন্ধন দেননি দাবি করে আক্তারুজ্জামান প্রথম আলোকে বলেন, অধ্যক্ষ শামসুজ্জামান থাকেন কিশোরগঞ্জ জেলা শহরে। সপ্তাহে এক-দুই দিন কলেজে আসেন। আবার পরে এসে আগে চলে যান। অধ্যক্ষ ঠিক নেই বলে অন্য শিক্ষকদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। নিয়মিত ক্লাস না হওয়ায় শিক্ষার্থীরা গণহারে ফেল করেছে।

কলেজের শিক্ষক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কটিয়াদী উপজেলার দুলদিয়া ইউনিয়নের গচিহাটা গ্রামে অবস্থিত কলেজটি ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়। আক্তারুজ্জামান কলেজটির প্রতিষ্ঠাতা ও জমিদাতা। তিনি কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনেরসাবেক সাংসদ। আক্তারুজ্জামান ৯ একর জায়গার ওপর কলেজ ছাড়াও একটি করে প্রাথমিক বিদ্যালয়, উচ্চবিদ্যালয় ও কিন্ডারগার্টেন প্রতিষ্ঠা করেছেন। ২০০৬ সাল থেকে শামসুজ্জামান অধ্যক্ষ হিসেবে রয়েছেন। তবে কলেজ পরিচালনা নিয়ে সম্প্রতি সভাপতির সঙ্গে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ মজিবুর রহমানের সম্পর্ক ভালো যাচ্ছে না। পাশাপাশি অধ্যক্ষ শামসুজ্জামান স্থানীয় সাংসদ সোহরাব উদ্দিনের চাচাতো ভাই পরিচয়ে প্রভাব খাটান। এ কারণে কলেজের সভাপতি আক্তারুজ্জামানসহ এলাকার অনেকেই তাঁর প্রতি ক্ষুব্ধ। এ অবস্থায় কলেজটির ২৭৮ শিক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে মাত্র ৯১ জন পাস করেন। পাসের হার ৩৩ শতাংশ। কেউ জিপিএ-৫ পাননি। অথচ অতীতে কলেজটির পাসের হার সর্বোচ্চ ৯৮ শতাংশ থেকে সর্বনিম্ন ৪৯ শতাংশের মধ্যে ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুর ১২টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে শতাধিক ব্যক্তি কলেজে ঢোকেন। এ সময় শিক্ষকেরা পালিয়ে যান। তবে অধ্যক্ষ নিজ কক্ষেই ছিলেন। কলেজে ঢুকে বিক্ষোভকারীরা প্রথমে অধ্যক্ষের কক্ষে যান। অবস্থা বেগতিক দেখে তিনি পালিয়ে রক্ষা পান। বিক্ষোভকারীরা কক্ষটি ভাঙচুরের পর কলেজের শিক্ষক মিলনায়তনে যান। সেখানেও ভাঙচুর করা হয়। এ ছাড়া কলেজের বেশ কটি শ্রেণিকক্ষে তাঁরা ভাঙচুর চালান। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অধ্যক্ষ শামসুজ্জামান ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ‘ফল বিপর্যয় একটি কারণ। তবে আমি মনে করি, শুধু এ কারণেই এলাকার এত মানুষ সংঘবদ্ধ হয়ে কলেজে হামলা চালাতে পারেন না। এর পেছনে অন্য আরও কারণ রয়েছে বলে আমি মনে করি।’ ফল বিপর্যয়ের জন্য ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তকে দায়ী করে তিনি বলেন, ‘কমিটির নির্দেশে আমরা শিক্ষার্থীদের নির্বাচনী ও প্রাক্‌-নির্বাচনী দুটির কোনো পরীক্ষাই নিতে পারিনি।’

তবে পরীক্ষা দুটি না নেওয়ার ব্যাপারে তাঁর কোনো নির্দেশনা ছিল না দাবি করে আক্তারুজ্জামান বলেন, ‘আমি তো মাসে মাসে পরীক্ষা নেওয়ার কথা বলে আসছি।’ সভাপতি আরও বলেন, হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করতে তিনি অধ্যক্ষকে বলে দিয়েছেন।

সোমবারের হামলায় কলেজ ব্যবস্থাপনা কমিটির সদস্য হাবিবুর রহমানসহ কয়েকজন গণ্যমান্য ব্যক্তি নেতৃত্ব দেন বলে অভিযোগ উঠেছে। তাঁরা ব্যবস্থাপনা পর্ষদের সভাপতির অনুগত হিসেবে পরিচিত।

তবে হাবিবুর রহমান হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘হামলা চালিয়েছেন অভিভাবকেরা। আমি প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছি।’ তিনি অভিযোগ করেন, ফল বিপর্যয়ের জন্য অধ্যক্ষ ও শিক্ষকেরা দায়ী। কারণ, তাঁরা শিক্ষার্থীদের পাঠদানের ব্যাপারে মনোযোগী নন।

হামলাকারীদের ধন্যবাদ

এদিকে কলেজের সভাপতি মেজর (অব.) আক্তারুজ্জামান মঙ্গলবার ঢাকা থেকে কটিয়াদীতে আসেন। তিনি কলেজে গিয়ে শিক্ষক ও হামলাকারী কয়েকজনকে নিয়ে সভায় বসেন। কলেজ ভবনের দোতলার একটি কক্ষে অনুষ্ঠিত এ সভায় আক্তারুজ্জামান হামলাকারীদের উদ্দেশে বলেন, ‘আপনারা কলেজের খারাপ ফলের জন্য হামলা করেছেন বলেই সভাটা করতে পারছি। এ জন্য আপনাদের ধন্যবাদ।’

পরে সভাপতি কলেজের অধ্যক্ষ শামসুজ্জামানকে তিন মাসের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠান। আর উপাধ্যক্ষের পদ থেকে মজিবুর রহমানকে অপসারণ করেন। কলেজের কারিগরি বিভাগের প্রধান অসিত মোদককে তিনি এ পদে বসিয়েছেন।