ফল ব্যবসায়ীর জরিমানা, জব্দ বরই-আপেল গেল এতিমখানায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস্তা দখল করে ব্যবসা করার দায়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এছন মিয়া (৪৫) নামে এক ফল ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাঁর দোকান থেকে জব্দ করা ফল স্থানীয় একটি এতিমখানায় দেওয়া হয়। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে এ অভিযান চলে।
সূত্র জানায়, সরাইল-আরাইল সড়কের বৈকাল বাজার এলাকার বকুলতলায় সড়কের এক পাশ দখল করে ফলের ব্যবসা করে আসছিলেন এছন মিয়া। এতে ওই সড়কে যানজট তৈরি হয়। উপজেলা প্রশাসন থেকে একাধিকবার সতর্ক করার পরও তিনি দোকান সরিয়ে নেননি। আজ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম নাহিদা হাবিবার নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। এ সময় এছন মিয়াকে জরিমানা করার পর তাঁর দোকান থেকে ৩০ কেজি বরই ও ২০ কেজি আপেল জব্দ করা হয়। পরে ওই ফল উপজেলার দারুল কোরআন হুসানিয়া এতিমখানায় শিশুদের মধ্যে বিতরণ করেন আদালত।
নির্বাহী হাকিম নাহিদা হাবিবা এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, পর্যায়ক্রমে উপজেলার সবকটি বাজার থেকে অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হবে।