ফলের প্যাকেট থেকে চারটি পিস্তল উদ্ধার
চুয়াডাঙ্গায় আপেল ও আঙুরের প্যাকেটে রাখা চারটি ভারতীয় পিস্তল ও চারটি গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। জীবননগর উপজেলার রাজাপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা গতকাল বুধবার সকাল আটটার দিকে সীমান্তবর্তী হালদারপাড়া মাঠ থেকে এগুলো উদ্ধার করে।
চুয়াডাঙ্গার ৬ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তর সূত্রে জানা গেছে, ভারত থেকে সীমান্তপথে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র পাচারের খবরে রাজাপুর বিজিবি ক্যাম্পের টহল কমান্ডার মিন্টু সরকারের নেতৃত্বে সদস্যরা হালদারপাড়া মাঠে ওত পেতে থাকেন। একপর্যায়ে চারজন পাচারকারী বাংলাদেশের ভেতরে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন। এ সময় পাচারকারীরা পালিয়ে যায়। তাদের ফেলে যাওয়া আপেল ও আঙুরভর্তি একটি প্যাকেটের ভেতর থেকে চারটি পিস্তল এবং চারটি গুলি উদ্ধার করা হয়। ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এস এম মনিরুজ্জামান জানান, এ ঘটনায় জীবননগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।