ফসলি জমি ও বসতির পাশে ইটভাটা

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নে সংরক্ষিত বন, ফসলি জমি ও বসতি ঘেঁষে অবৈধভাবে নির্মিত হচ্ছে ইটভাটা। বন বিভাগের বাধার পরও ভাটা নির্মাণ বন্ধ হয়নি। এ ছাড়া প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হচ্ছে না বলে জানিয়েছে বন বিভাগ।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ৮ ধারায় বলা আছে, কৃষি জমি, আবাসিক এলাকা, সরকারি বা ব্যক্তিগত বন, অভয়ারণ্য, বাগান বা জলাভূমিতে ইটভাটা স্থাপন করা যাবে না। ৮ (২) ধারায় বলা আছে, নিষিদ্ধ এলাকার সীমানার মধ্যে ইটভাটা স্থাপনের জন্য পরিবেশ অধিদপ্তর বা অন্য কোনো কর্তৃপক্ষ অনুমতি বা ছাড়পত্র বা লাইসেন্স প্রদান করতে পারবে না।
দিনাজপুর বন বিভাগের চরকাই রেঞ্জের হরিপুর বিটের দায়িত্বপ্রাপ্ত বিট কর্মকর্তা নিশিকান্ত মালাকার বলেন, বন বিভাগের দুই কিলোমিটারের মধ্যে কোনো ইটভাটা নির্মাণ করা যাবে না। কিন্তু হরিপুর বিট কার্যালয়ের ৫০০ গজের মধ্যে হরিপুর মৌজার ২১৭ ও ২১৮ নম্বর দাগে গোলাপগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য রফিকুল ইসলাম, ইসলামপুর উচ্চবিদ্যালয়ের অফিস সহকারী সামছুল ইসলাম, হরিপুর গ্রামের ওয়াজেদ আলী ও মোস্তাফিজার রহমান ইটভাটা নির্মাণ করছেন। ইটভাটা নির্মাণকারীরা প্রভাবশালী হওয়ায় বন বিভাগের পক্ষ থেকে বারবার বাধা দিয়েও কোনো কাজ হয়নি। সামছুলের নামে বন বিভাগের গাছ কাটার মামলাও রয়েছে। বিষয়টি লিখিতভাবে ১৮ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বজলুর রশীদসহ বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
গত বুধবার সরেজমিনে দেখা যায়, হরিপুর বিট কার্যালয়ের উত্তর পাশে ফসলি জমির মধ্যে ইটভাটা নির্মাণের কাজ চলছে। ইটভাটাটির প্রায় ৫০ হাত উচ্চতার চিমনি তৈরির কাজও শেষ পর্যায়ে। ট্রাক্টরে করে আনা হচ্ছে মাটি। নির্মিত ইটভাটাটির চারপাশেই রয়েছে বসতি। এ সময় ইটভাটায় কর্মরত পার্বতীপুরের শ্রমিক মতিয়ার ও হামিদুল বলেন, ১৩ দিন আগে তাঁরা ইটভাটা নির্মাণের জন্য আসেন। ১৫ জন শ্রমিক সেখানে কাজ করছেন। হরিপুর গ্রামের রফিক মেম্বার তাঁদের কাজে নিযুক্ত করেছেন।
নির্মাণাধীন ইটভাটার ২০০ গজের মধ্যেই নিজ বাড়ির সামনে মুদির দোকান দিয়েছেন সাইদুর রহমান। তিনি আক্ষেপ করে বলেন, ‘চোখের সামনে ইটভাটা হলে ধুমা ও ছাইয়োত গাঁওয়োত কেঙ্কেরে থাকবি। চেয়ারম্যানোক কনো বন্ধ করবা, কোটে বন্ধ হলো। দিন দিন তো জোরছে কাজ চলোছে।’
নাম প্রকাশে অনিচ্ছুক হরিপুর গ্রামের কয়েকজন যুবক বলেন, ইটভাটা যাঁরা নির্মাণ করছেন, তাঁরা পয়সাওয়ালা ও প্রভাবশালী। টাকা দিয়ে তাঁরা সবার মুখ বন্ধ করে রেখেছেন।
এ বিষয়ে জানতে গত বুধবার রফিকুল ও ওয়াজেদের বাড়িতে গিয়ে তাঁদের পাওয়া যায়নি। মুঠোফোনে সামছুলের সঙ্গে কথা বললে তিনি যৌথভাবে ইটভাটা নির্মাণের কথা স্বীকার করেন। ইটভাটা নির্মাণে পরিবেশ ছাড়পত্র বা জেলা প্রশাসনের লাইসেন্স আছে কি না, জানতে চাইলে তিনি রফিকুলের মুঠোফোন নম্বর দিয়ে যোগাযোগ করতে বলেন। রফিকুলের মুঠোফোনে কল দিলে তা বন্ধ পাওয়ায় এ বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
জানতে চাইলে মুঠোফোনে গোলাপগঞ্জের ইউপি চেয়ারম্যান রাশেদুল কবির প্রথম আলোকে বলেন, ওই ইটভাটা নির্মাণের কথা তিনি শুনেছেন। তবে গ্রামবাসী বা বন বিভাগের কেউ তাঁকে মৌখিক বা লিখিতভাবে কিছু জানায়নি।
জানতে চাইলে ইউএনও বজলুর রশীদ প্রথম আলোকে বলেন, তিনি প্রশিক্ষণে রংপুর রয়েছেন। প্রশিক্ষণ থেকে এসে ওই ইটভাটা উচ্ছেদে ব্যবস্থা নেবেন। পরিবেশ অধিদপ্তরের রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান বলেন, পরিবেশ ছাড়পত্র ছাড়া কেউ ইটভাটা নির্মাণ করতে পারবে না। পরিবেশ আইন অমান্য করে কাউকে ছাড়পত্র দেওয়া হবে না। আইন লঙ্ঘন করে কেউ ইটভাটা করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।