
ফসলি জমিতে গড়ে উঠেছে ইটভাটা। আশপাশের জমি থেকে মাটি কেটে ওই ভাটায় নেওয়া হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ভাটার মালিককে জরিমানাও করা হয়েছে। তারপরও ভাটায় ইট তৈরির কার্যক্রম চলছে। ‘মা-বাবা ব্রিকস’ নামের অবৈধ এই ইটভাটাটির অবস্থান ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের লোপাড়া হাওর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচ বছর আগে সরাইল-অরুয়াইল সড়কের পাশে লোপাড়া হাওর এলাকায় প্রায় আট একর ফসলি জমিতে ইটভাটাটি স্থাপন করা হয়। এর মালিক সদর উপজেলার সুহিলপুর এলাকার শফিকুল ইসলাম। ইটভাটার কারণে আশপাশের জমির ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। গত বছর প্রায় ৫০ একর জমির বোরো ধানে চিটা পড়ে নষ্ট হয়ে যায়। এ ব্যাপারে এলাকার লোকজন স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেন। এ পরিপ্রেক্ষিতে গত বছরের ১৪ এপ্রিল ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ভাটার মালিককে তিন লাখ টাকা জরিমানা করেন। তখন শফিকুল ইসলাম এখান থেকে ভাটা সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু চলতি বছরও ভাটায় পুরোদমে ইট তৈরি হচ্ছে। সরকারি দলের এক নেতা ভাটামালিকের পক্ষে কাজ করছেন।
২ জানুয়ারি সরেজমিনে দেখা যায়, ইটভাটার পাশে ফসলি জমি। এসব জমিতে চাষ করা হয়েছে ধান, আলু, মরিচ, ডালসহ বিভিন্ন ফসল। খননযন্ত্র (এক্সকাভেটর) দিয়ে কাটা হচ্ছে হাওরের ফসলি জমির ওপরের অংশের মাটি। ইটভাটার দখলে চলে গেছে লোপাড়া খালের একাংশ। সরাইল-অরুয়াইল সড়কের পাশেই রাখা হয়েছে মাটি ও কয়লার স্তূপ। যন্ত্র দিয়ে কয়লা ভাঙার সময় ধুলাবালুতে আচ্ছন্ন হয়ে যায় এলাকা। যানবাহনের চালক, যাত্রী ও পথচারীরা দুর্ভোগ পোহাচ্ছেন। ভাটাটিতে ২০-২২ জন শ্রমিক কাজ করছেন।
ভাটার পাশেই জমি রয়েছে কৃষক নাসির মিয়ার। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, ‘এই ইটভাটার জন্য আমরার ক্ষতি অইতেছে। আমরা চাই এটি বন্ধ হোক। কিন্তু মালিকের কাছে অসহায়। আমরার কথার কোনো দাম নাই।’
লোপাড়া গ্রামের বাসিন্দা প্রভাষক মোজাম্মেল হক বলেন, ইটভাটার ধুলা আর ধোঁয়ায় মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি কৃষি ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। মালিকপক্ষ প্রভাবশালী হওয়ায় এর কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না।
উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার বলেন, কৃষিজমির পাশেই অবৈধভাবে ওই ইটভাটাটি গড়ে উঠেছে। এ কারণে এলাকার কৃষি আজ বিপর্যয়ের মুখে। কৃষিজমির পাশে ইটভাটা হতে পারে না।’
ইটভাটার মালিক শফিকুল ইসলাম বলেন, ‘কৃষি ও পরিবেশ অধিদপ্তরসহ সব বিভাগে আবেদন করা হয়েছে। আশা করি কিছুদিনের মধ্যে সব কাগজপত্র পেয়ে যাব।’
পরিবেশ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক মোসাব্বের হোসেন মোহাম্মদ রাজিববলেন, ওই ইটভাটার পরিবেশ অধিদপ্তরের অনুমোদন নেই। এটি পরিবেশ বিপর্যয়ের মাধ্যমে কৃষকদের ক্ষতি করছে। শিগগির এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নাহিদা হাবিবা বলেন, ‘তদন্ত করে ওই ইটভাটার বিরুদ্ধে শিগগিরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’