ফসলি জমির মাটি ইটভাটায়
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় তিনটি ইটভাটায় আইন লঙ্ঘন করে ফসলি জমির মাটি দিয়ে ইট তৈরি করা হচ্ছে। জমির মালিকেরা ইটভাটায় মাটি বিক্রি করছেন। এদিকে আইন হলেও প্রশাসন তা প্রয়োগ করছে না। তাই অবাধে চলছে জমির উপরিভাগের মাটি বিক্রি। এতে জমির উর্বরতা শক্তি কমে যাচ্ছে।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ৫-এর ১ ধারায় উল্লেখ করা হয়েছে, কোনো ব্যক্তি ইট প্রস্তুত করার জন্য কৃষিজমি বা পাহাড় বা টিলা থেকে মাটি কেটে বা সংগ্রহ তা ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করা যাবে না। কিন্তু এই আইনের প্রয়োগ না থাকায় নিকলী উপজেলার বিভিন্ন স্থানে ইট তৈরির জন্য কৃষিজমির মাটি ব্যবহার করা হচ্ছে।
নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম বলেন, এ বিষয়ে ওই তিন ইটভাটার মালিককে ২৩ ফেব্রুয়ারি চিঠি দেওয়া হয়েছে। ২৮ ফেব্রুয়ারি তিনি তাঁদের তাঁর কার্যালয়ে ডেকে ইটভাটার আইন সম্পর্কে তাঁদের জানাবেন। এরপরও কোনো ইটভাটায় ফসলি জমির মাটি ব্যবহার করা হলে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
গত ২৬ জানুয়ারি নিকলী উপজেলার সদর ইউনিয়নের কুর্শা হাওর, জারুইতলা ইউনিয়নের বড় হাওর ও গুরুই ইউনিয়নের ছেত্রা হাওর ঘুরে দেখা গেছে, আবাদি জমির মাটির ওপরের অংশ ১০ থেকে ১৫ ফুট গর্ত করে কেটে নেওয়া হচ্ছে।
ধারিশ্বর গ্রামের আলী ইসলাম মিয়া বলেন, তিনি তাঁর ১৬৫ শতাংশ জমির মাটি জারুইতলা ইউনিয়নের মেসার্স সামিয়া ব্রিকসের কাছে ৭৫ হাজার টাকায় বিক্রি করেছেন। নিকলীতে প্রায় পাঁচ বছর ধরে ফসলি জমির মাটি বিক্রি চলছে।
জারুইতলা গ্রামের কৃষক সাইদুল হক বলেন, ‘আমি তিন বছর আগে ২৫ শতাংশ জমির মাটি বিক্রি করেছিলাম। এ কারণে এখনো সেই জমিতে আগের অর্ধেক ধানও হয় না।’ কুর্শা গ্রামের মানির হোসেন বলেন, ‘এক একর বোরো জমিতে ৬০ মণ ধান হয়। ধানের দাম কম থাকায় খরচ বাদ দিয়ে লোকসান হয়। আর এক একর জমির মাটি বিক্রি করে নগদ পাওয়া যায় ৪০ হাজার টাকা। এ জন্য আমি আমার জমির মাটি বিক্রি করেছি।’
মাটি কাটার যন্ত্রের (এক্সকাভেটর) চালক সোহেল মিয়া বলেন, নিকলীতে মেসার্স আলতাফ ব্রিকস, কামাল ব্রিকস ও মেসার্স সামিয়া ব্রিকস নামে তিনটি ইটভাটা রয়েছে। আমরা দুটি এক্সকাভেটর যন্ত্র দিয়ে তিনটি ইটভাটার জন্য মাটি কেটে ২৪টি ট্রলিতে তুলি। প্রতিটি ট্রলিতে ২০ বার মাটি তোলা হয়। এতে দৈনিক তিনটি ইটভাটায় ৪৮০ ট্রলি মাটি নেওয়া হয়।
মেসার্স আলতাফ ব্রিকসের ব্যবস্থাপক জলিল মিয়া, মেসার্স কামাল ব্রিকসের ব্যবস্থাপক কাজল মিয়া ও মেসার্স সামিয়া ব্রিকসের ব্যবস্থাপক সালাউদ্দিন বলেন, তাঁরা জোর করে কোনো কৃষকের জমির মাটি আনছেন না। টাকার বিনিময়ে মাটি কিনে আনছেন।
মেসার্স আলতাফ ব্রিকসের ব্যবস্থাপক জলিল মিয়া বলেন, ‘প্রতি মৌসুমে প্রতিটি ইটভাটায় ৩০ লাখ ইট তৈরি হয়। এতে মাটি লাগে সাড়ে ৩৩ লাখ ঘনফুট মাটি। সে হিসাবে তিনটি ভাটায় মাটি লাগে ১ কোটি ঘনফুটের বেশি। আমরা প্রতি একর (১০০) শতাংশে জমি থেকে ৮০ হাজার ঘনফুট মাটি কেটে থাকি। সে হিসাবে ১২৬ একর জমি থেকে প্রতিবছর তিনটি ইটভাটার জন্য মাটি কাটতে হয়।’
উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, জমির মাটির একমাত্র উর্বরতা শক্তি হলো জৈব পদার্থ। একে বলে মাটির প্রাণ। এই জৈব পদার্থে আছে নাইট্রোজেন, পটাশিয়াম ও ফরফরাস। জমির ১০ থেকে ১৫ ইঞ্চির মধ্যে এ জৈব পদার্থের শক্তি থাকে। কিন্তু ইটভাটার মালিকেরা জমির ওপরের ২০ থেকে ২৫ ইঞ্চি মাটি কেটে নেওয়ার কারণে ওই জমি উর্বরতা শক্তি হারিয়ে ফেলে। দীর্ঘ সময় ধরে সে জমির ওপর বিভিন্ন পদার্থ জমে উর্বরতা শক্তি ফিরে আসে। এভাবে আগের মতো উর্বরতা জৈব শক্তি ফিরে পেতে ১০-১৫ বছর সময় লাগে।