ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়

শরীয়তপুরের ইটভাটাগুলোতে কৃষিজমির উপরিভাগের মাটি দিয়ে ইট প্রস্তুত করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। অনেক জায়গায় জোর করে জমিতে গভীর গর্ত করে মাটি কেটে নেওয়া হচ্ছে। এতে পাশের জমিতে ভাঙন ধরছে। কমছে জমির উর্বরতা শক্তি।
ইটভাটা অনুমোদন দেওয়ার সময় কৃষিজমির উপরিভাগের মাটি (টপ সয়েল) ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয় ইটভাটার মালিকদের।
জেলা ইটভাটা মালিক সমিতি সূত্র জানায়, এই জেলায় ৪০টি ইটভাটা রয়েছে। এসব ভাটায় বছরে আট মাস ইট তৈরি হয়। প্রতিটি ইটভাটায় ৪০ থেকে ৫০ লাখ ইট প্রস্তুত করা হয়। এই ইট তৈরিতে কৃষিজমির উপরিভাগের এঁটেল মাটি ব্যবহার করা হয়। স্থানীয় মাটি ব্যবসায়ীদের কাছ থেকে ইটভাটার মালিকেরা এ মাটি কেনেন। স্থানভেদে ১ হাজার ৫০০ ফুটের এক গাড়ি মাটির মূল্য ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৮০০ টাকা। প্রতিটি ইটভাটায় বছরে চার থেকে পাঁচ লাখ গাড়ি মাটি ব্যবহার করা হয়।
ইটভাটার মালিক ও মাটি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শরীয়তপুরের সদর, জাজিরা, নড়িয়া ও গোসাইরহাট উপজেলার প্রায় ৩০টি স্থান থেকে মাটি কাটা হচ্ছে। কৃষিজমির মধ্যে ও সড়কের পাশ থেকে এই মাটি কেটে ইটভাটায় বিক্রি করা হয়। মাটি কাটার কারণে পাশের জমি ধসে যাওয়ায় কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
সদর উপজেলার ঘাগরিজোরা গ্রামের কৃষক বোরহান উদ্দিন অভিযোগ করে বলেন, ‘গভীর করে মাটি কাটার কারণে পাশের জমিগুলো ভেঙে পড়ছে। আমরা বাধা দিলেও মাটি ব্যবসায়ীরা তা মানেন না।’
নড়িয়া উপজেলার নশাসন গ্রামের কৃষক দেলোয়ার হোসেন জানান, জমির মধ্য থেকে যেভাবে মাটি কাটা হচ্ছে তাতে তাঁরা শঙ্কিত। মাটি কাটা বন্ধ না করা হলে ফসলের উৎপাদন কমে যাবে।
জাজিরা উপজেলার লাউখোলা গ্রামের মাটি ব্যবসায়ী সেকান্দার সরদার বলেন, ‘জমির মালিকের কাছ থেকে মাটি কিনে ইটভাটায় বিক্রি করি। এ কাজে কেউ কখনো আমাদের বাধা দেয়নি।’
শরীয়তপুর জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, ‘ইট প্রস্তুত করতে মাটির প্রয়োজন, এই বাস্তবতা সবাইকে বুঝতে হবে। মাটি ব্যবসায়ীদের কাছ থেকে আমরা মাটি কিনি। তাঁরা কোথা থেকে মাটি সংগ্রহ করে তা আমরা জানি না।’
শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কবির হোসেন বলেন, ইটভাটা স্থাপনের অনুমতি দেওয়ার সময় ভাটার মালিকদের টপ সয়েল ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়। মাটি বিক্রি না করতে নিয়মিত কৃষকদের সচেতন করা হচ্ছে।