ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুর জেলায় ৪৮টি ইটভাটা। ইট প্রস্তুত করতে ভাটাগুলো ফসলি জমির উপরিভাগের মাটি ব্যবহার করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে জমির উর্বরাশক্তি হারাচ্ছে।
শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইটভাটাগুলোতে ইট প্রস্তুত করতে এঁটেল ও দোআঁশ মাটি ব্যবহার করা হয়। স্থানীয় কৃষকদের কাছ থেকে জমি ভাড়া নিয়ে জেলার অন্তত ২৫টি স্থান থেকে ইটভাটায় ব্যবহারের জন্য মাটি কাটা হচ্ছে। অনেক কৃষকের কাছ থেকে দুই হাজার টাকা প্রতি ট্রাক মূল্যে মাটি কেনা হচ্ছে। প্রতিবছর সাধারণত নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে মাটি কাটার এই কাজ চলে।
কৃষিজমি বিক্রির পক্ষে যুক্তি তুলে ধরে জাজিরা উপজেলার জয়নগর গ্রামের মাটি বিক্রেতা কৃষক মিজানুর রহমান প্রথম অলোকে বলেন, ‘ফসল উৎপাদন করে যে টাকা পাওয়া যায়, এর চেয়ে মাটি বিক্রি করে বেশি টাকা আসে। এ কারণে মাটি বিক্রি করছি।’
ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর গ্রামের কৃষক দেলোয়ার হোসেন বলেন, ‘আমার জমির পাশের জমির মালিক ইটভাটায় মাটি বিক্রি করছেন। তাঁকে আমরা মাটি বিক্রি না করতে অনুরোধ জানিয়েছিলাম, কিন্তু তিনি রাখেননি। এভাবে মাটি বিক্রি করলে ফসল উৎপাদন কমে যাবে এটাও তাঁকে বোঝাতে চেয়েছিলাম। কিন্তু কিছু মানুষ নগদ টাকার লোভে আমাদের কৃষির ক্ষতি করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইটভাটার মালিক বলেন, ‘সব মাটি দিয়ে ইট প্রস্তুত করা যায় না। ফসলি জমির মাটি ইট তৈরির জন্য উপযোগী। তাই এই মাটির চাহিদা বেশি। চাহিদা অনুযায়ী মাটি না পাওয়ায় কৃষিজমির ওপর আমাদের নির্ভর করতে হয়।’
শরীয়তপুর জেলা ইটভাটার মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, ‘ইটভাটায় মাটির প্রয়োজন হয় এটা খুবই স্বাভাবিক বিষয়। মাটি ছাড়া ইট প্রস্তুত করা যাবে না, তাহলে আমরা মাটি পাব কোথায়? ইটভাটার মালিকেরা বাধ্য হয়ে কৃষিজমি ভাড়া নিয়ে মাটি কাটছেন।’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কবির হোসেন বলেন, প্রতিবছর প্রচুর পরিমাণ কৃষিজমি ইটভাটার কারণে ক্ষতি হচ্ছে। এভাবে চলতে থাকলে কৃষির উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।