ফসলি জমির মাটি লুট বন্ধ হয়নি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাত গ্রামের কৃষকদের ফসলি জমির মাটি কেটে নেওয়া বন্ধ হয়নি। স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা জোর করে মাটি কেটে নিয়ে ইটভাটায় বিক্রি করছেন।
কৃষকদের অভিযোগ, দুই বছরে আড়াই শ বিঘা জমির মাটি কেটে নিলেও অভিযুক্ত ব্যক্তিরা ক্ষমতাসীন দলের লোক হওয়ায় প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। গত বছর ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুটি ইটভাটাকে জরিমানা করলেও প্রকৃত অভিযুক্ত ব্যক্তিরা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্দা, কাহেনা, পেচাইন, কান্দাপাড়া, আমবাগ, রাউতগাঁও ও সিংলাব গ্রামের পাশের চেঙ্গাইন বিলে কৃষকদের ৫০০ বিঘা আবাদি জমি রয়েছে। এসব জমিতে ফসল ফলিয়ে তাঁরা সারা বছর জীবিকা নির্বাহ করতেন। কিন্তু দুই বছর ধরে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাদের একটি চক্র এসব জমির মাটি কেটে নিয়ে ইটভাটায় বিক্রি করছে। পুলিশ, প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে যোগসাজশ করে এ নৈরাজ্য চলছে বলে অভিযোগ।
কৃষকদের হিসাবে দুই বছরে চক্রটি প্রায় আড়াই শ বিঘা জমির মাটি কেটে নিয়েছে। জমিতে তৈরি হয়েছে বড় বড় গর্ত। ওই এলাকার তিনটি ইরি স্কিম বন্ধ হয়ে গেছে। এ নিয়ে গত বছরের ২৩ মে প্রথম আলোয় ‘আ.লীগ-যুবলীগের “মাটিসন্ত্রাস”’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুটি ইটভাটাকে জরিমানা করেই দায়িত্ব শেষ করেন। অভিযোগ রয়েছে, ক্ষমতাসীনদের চাপে তখন প্রশাসন মাটি লুটের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তাই বর্ষা শেষে শুষ্ক মৌসুম শুরু হওয়ার পর আবারও শুরু হয়েছে বেপোরোয়া মাটি লুট।
গতকাল মঙ্গলবার ও গত সোমবার চেঙ্গাইন বিল ঘুরে দেখা যায়, এক্সকাভেটর দিয়ে মাটি কেটে ট্রাকে ভরা হচ্ছে। পরে সেই মাটি বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন ইটভাটায়। স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা মাটি কাটার কাজ তদারকি করছেন। ২০ থেকে ২৫ ফুট গভীর করে মাটি কাটার ফলে জমিতে তৈরি হয়েছে গর্ত। সোমবার মাটি কাটার কাজ তদারক করছিলেন জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হুমায়ন কবির। তিনি দাবি করেন, ‘কৃষকদের ন্যায্য মূল্য দিয়েই মাটি কাটা হচ্ছে। আপনারা (সাংবাদিকেরা) নিষেধ করলে মাটি কাটা বন্ধ রাখব।’
অনুসন্ধানে জানা যায়, ঢাকার অদূরে ঢাকা বাইপাস সড়কের পাশটি নিরিবিলি হওয়ায় অনেক সাহিত্যিক, বুদ্ধিজীবী, শিল্পীসহ বিভিন্ন পেশার মানুষ এখানে জমি কিনেছেন। কৃষকের জমির পাশাপাশি তাঁদের জমির মাটিও রাতের আঁধারে কেটে নিয়ে যাওয়া হচ্ছে। সেই মাটি এফ আর আর ব্রিকস, সরকার ব্রিক ফিল্ডস ছাড়াও আশপাশের মদনপুর ও ললাটি এলাকার বিভিন্ন ইটভাটায় বিক্রি করা হচ্ছে।
জানতে চাইলে সরকার ব্রিকস ফিল্ডসের ব্যবস্থাপক মিশু সরকার বলেন, ‘আমরা ন্যায্য মূল্যে বিভিন্ন লোকজনের কাছ থেকে মাটি কিনে ইট তৈরি করি। কৃষকদের জমির মাটি কাটার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।’

পেচাইন গ্রামের রহমত উল্লাহ, রাউতগাঁও গ্রামের মালেক মিয়াসহ আরও কয়েকজন কৃষকের অভিযোগ, তাঁদের ফসলি জমির মাটি কাটার সঙ্গে হুমায়ন কবির ছাড়াও ক্ষমতাসীন দলের নেতা কামাল হোসেন, শিপলু মিয়া, ফারুক হোসেন, বাবু হোসেন, শাহীন মিয়া, সিরাজ মিয়াসহ আরও অনেকে জড়িত। তাঁরা আরও অভিযোগ করেন, কয়েকজন কৃষককে টাকা দিয়ে এমনভাবে জমির মাটি কাটা হয়, যাতে পাশের জমি ভেঙে পড়ে। তখন কৃষক বাধ্য হয়ে নামমাত্র টাকায় সেই জমির মাটিও বিক্রি করে দেন। এ ক্ষেত্রে কেউ কেউ কিছু টাকা পেলেও অন্যদের একেবারেই দেওয়া হয় না।
জামপুর ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ হানিফ জানান, কৃষকদের জমি জোর করে কেটে নেওয়ার বিষয়টি তিনি একাধিকবার প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছেন। কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।
ইউএনও আবু নাছের ভূঁঞা গতকাল সকালে প্রথম আলোকে বলেন, প্রভাবশালী ব্যক্তিরা কৃষকদের ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করছেন বলে তিনি অভিযোগ পেয়েছেন। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা সহকারী কমিশনার মেহেদী হাসানকে (ভূমি) নির্দেশ দেওয়া হয়েছে।
যোগাযোগ করলে মেহেদী হাসান বলেন, ‘ইউএনওর নির্দেশ পেয়েছি। বিষয়টি দেখছি।’