ফসলের মাঠে যুবলীগ কর্মীর লাশ
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরপাগলা গ্রামে ফসলের একটি মাঠ থেকে আজ রোববার সকালে এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। তাঁর নাম মো. আবদুর রব। নামের চরকাদিরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে এলাকায় ছবিসহ তাঁর অনেক ফেস্টুন ঝোলানো রয়েছে।
পুলিশ ধারণা করছে, গতকাল শনিবার রাতে তাঁকে অন্য কোথাও হত্যা করে মাঠে লাশ ফেলে রাখা হয়। লাশের বাঁ হাত ও পেটে ধারালো কোনো কিছুর কাটা দাগ এবং গলায় আঘাত বা চাপজনিত ফোলা চিহ্ন ছিল।
আবদুর রব চরপাগলা গ্রামের আবদুল হাসিমের ছেলে।
কমলনগর থানায় আবদুর রবের মামাতো ভাই স্থানীয় ফজু মিয়ার হাট বাজারের ব্যবসায়ী জহির উদ্দিন জানান, যুবলীগের রাজনীতিতে জড়িত থাকার পাশাপাশি আবদুর রব কয়েক বছর ধরে এলাকায় গরু কেনা-বেচার কাজ করতেন। গতকাল রাতে তিনি ফজুমিয়ার হাট থেকে বাড়ির উদ্দেশে রওনা হন। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ সকালে বাড়ির কাছেই একটি ফসলের মাঠে তাঁর লাশ পাওয়া যায়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, এলাকার লোকজনের কাছ থেকে খবর পেয়ে সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার হয়। লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।