ফসলের মাঠে হঠাৎ ঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর শিবপুর উপজেলার কামারগাঁও এলাকায় ফসলের মাঠে ঘর তৈরির হিড়িক পড়েছে। নরসিংদী জেলা কারাগারের জন্য জমি অধিগ্রহণের সময় সরকারের কাছ থেকে বাড়তি ক্ষতিপূরণ আদায়ের জন্য রাতারাতি এসব ঘর তৈরি করা হচ্ছে।
কারাগার সূত্রে জানা গেছে, ১৯৮৩ সালে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নরসিংদী পৌর এলাকার ভেলানগরে পাঁচ একর জায়গা নিয়ে জেলা কারাগার প্রতিষ্ঠা করা হয়। কারাগারের তিনটি দোতলা ভবনের ধারণক্ষমতা ২৪০ জন। কিন্তু এক যুগের বেশি সময় ধরে সেখানে ধারণক্ষমতার চার গুণ বন্দী থাকছেন। এতে কারাগারের আবাসন সমস্যা প্রকট আকার ধারণ করেছে। প্রতিজন কয়েদিকে ৩৬ বর্গফুট জায়গা বরাদ্দ দেওয়ার নিয়ম থাকলেও প্রতিটি ওয়ার্ড ও সেলে ঠাসাঠাসি করে অবস্থান করতে হচ্ছে তাঁদের। এ কারণে রাতে পালা করে ঘুমাতে হয় তাঁদের। গোসল ও টয়লেট ব্যবহার করতে হয় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে। এতে দুর্বল কয়েদিরা ঘুমানো, টয়লেট ব্যবহার বা গোসলের সুযোগ পাচ্ছেন না।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলা কারাগারটি পৌর শহরের ভেতরে হওয়ায় এর পরিধি বাড়ানো সম্ভব হচ্ছে না। বেশ কয়েক বছর ধরে আবাসন-সংকট প্রকট হওয়ায় এবং দিন দিন বন্দীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কারাগারটির স্থানান্তর জরুরি হয়ে পড়েছে। এসব দিক বিবেচনায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের কামারগাঁও এলাকায় একটি আধুনিক কারাগার নির্মাণে প্রায় ২০ একর জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে। এ খবরে সম্প্রতি কিছু লোক জমি অধিগ্রহণের সময় বাড়তি ক্ষতিপূরণ আদায়ের জন্য ফসলের খেতের মধ্যে বিরাট বিরাট টিনের ঘর তৈরি করছেন।
সরেজমিনে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ১০-১২ দিন আগে কামারগাঁও এলাকার জয়নাল মিয়া ও কাদির মিয়া তাঁদের ৪০ শতাংশ জমির ওপর অপরিকল্পিতভাবে সিমেন্টের খুঁটির ওপর টিনের ঘর নির্মাণ করেছেন। এতে অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। আবার কয়েকজন জমি ভাড়া নিয়ে এ ধরনের ঘর নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তাঁরা।
এ ব্যাপারে কথা বলার জন্য জয়নাল মিয়া ও কাদির মিয়ার বাড়িতে গিয়েও তাঁদের পাওয়া যায়নি। পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁরা কথা বলতে রাজি হননি। তবে কামারগাঁও কান্দাপাড়া এলাকার তোফাজ্জল হোসেন বলেন, অধিগ্রহণের সময় বেশি টাকা পাওয়ার আশায় রাতারাতি এসব ঘর তৈরি করা হচ্ছে।
একই এলাকার কৃষক সাদেক মিয়া বলেন, ‘নরসিংদীর কয়েকজন দালাল এলাকায় ঘুরতাছে জমি ভাড়া নেওয়ার লাইগা। তারা সেইখানে ঘর বানাইব। এরপর সরকারের কাছ থেইকা যেই টাকা পাইব, তার অর্ধেক ভাগ দেওয়ার কথা কইতাছে অনেকরে।’
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. কামাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা খবর পেয়েছি, নতুন নতুন ঘর নির্মাণ করা হচ্ছে। তবে এতে তাঁদের কোনো লাভ হবে না। কারণ, আমরা অধিগ্রহণের প্রক্রিয়া শুরুর সময় সরেজমিনে যা পেয়েছি, তার ভিডিওচিত্র ধারণ করা আছে। প্রকৃত জমির মালিক ও ক্ষতিগ্রস্তরাই যাতে ক্ষতিপূরণ পান, সে ব্যাপারে বাড়তি যত্ন নেওয়া হচ্ছে। ইতিমধ্যে প্রকৃত ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করে তিনটি নোটিশ দেওয়া হয়েছে।’