ফসলের সঙ্গে শত্রুতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বাগাতিপাড়া উপজেলার বাজিতপুরে পূর্বশত্রুতার জের ধরে গত রোববার রাতে আগাছানাশক ছিটিয়ে আবদুল খালেক নামের এক কৃষকের জমির মসুরখেত নষ্ট করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ওই কৃষক সাতজনকে অভিযুক্ত করে বাগাতিপাড়া থানায় মামলা করেছেন।
থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বাজিতপুর গ্রামের হারান প্রামাণিকের ছেলে আবদুল খালেক সোমবার সকালে তাঁর মসুরের খেতে গিয়ে দেখেন, সব মসুরগাছ শুকিয়ে যাচ্ছে। তিনি জানতে পারেন, রোববার রাতের কোনো এক সময় ওই মসুরের জমিতে আগাছানাশক ছিটিয়ে দেওয়া হয়েছে। এতে তাঁর ২০ কাঠা জমির সব মসুরগাছ নষ্ট হয়ে প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, তাঁর সঙ্গে জমিজমার জায়গা নিয়ে বাজিতপুর গ্রামের হাশেম আলী, হাইদুর রহমান, হেকমত আলী, বিশু আলী, হৈদুর রহমান, মাহবুবুর রহমান ও রুবেল হোসেনের সঙ্গে বিরোধ ছিল। এরই জের ধরে তাঁরাই ওই জমির মসুর নষ্ট করেছেন।
অভিযোগ অস্বীকার করে তাঁরা বলেন, জমি নিয়ে বিরোধ থাকায় তাঁদের হেনস্তা করতে আবদুল খালেক নিজেই তাঁর জমিতে রাসায়নিক দিয়ে মসুর নষ্ট করেছেন। তদন্ত করলে আবদুল খালেকের অভিযোগ মিথ্যা প্রমাণিত হবে।
বাগাতিপাড়া থানার ওসি আমিনুর রহমান বলেন, জমি নিয়ে বিরোধ থাকার কথা সত্য। তবে কে মসুর নষ্ট করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।