ফাঁদে ফেলে টাকা হাতানোর সময় তিন পুলিশ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে নারীর ফাঁদে ফেলে শাহজাহান শামসু নামের এক ব্যক্তিকে আটকে তাঁর স্বজনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার সময় পুলিশের দুজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও একজন কনস্টেবল র‍্যাবের হাতে ধরা পড়েছেন।
শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে কুড়িল উড়ালসেতুর নিচ থেকে তাঁদের আটক করে র‌্যাব-১ এর একটি দল। এ সময় বর্ষা নামে তাঁদের এক সহযোগী নারীকেও আটক করা হয়।
যাঁদের আটক করা হয়েছে তাঁরা হলেন, ভাটারা থানার এএসআই সিরাজুল ইসলাম, এএসআই কায়সার আহমেদ ও কনস্টেবল আবদুর রহমান।
আটক তিন পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার মাসুদুর রহমান। তিনি জানান, এই তিন পুলিশ সদস্যকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ প্রথম আলোকে বলেন, ‘তিন পুলিশ সদস্যকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় ঘটনার শিকার হওয়া ব্যক্তির স্বজন আবু জাফর চাঁদাবাজির মামলা করেছেন।’
র‍্যাব সূত্র জানায়, শাহজাহান শামসু ও বর্ষা নামের এক নারীকে ভাটারার সাঈদনগরের একটি বাসা থেকে আটক করে পুলিশের একটি দল। এরপর শাহজাহানের কাছে প্রথমে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেন এএসআই সিরাজুল ও কায়সার। একপর্যায়ে অপহরণ করা হয়েছে বলে শাহজাহানকে দিয়ে ফোনে তাঁর ভাগ্নে আবু জাফরের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।
শাহজাহানকে অপহরণ করা হয়েছে মর্মে ভাটারা থানায় সাধারণ ডায়েরি করেন আবু জাফর। এরপর শুক্রবার রাত সাড়ে নয়টায় র‍্যাবের কাছে অভিযোগ করেন তিনি। অভিযোগ পেয়ে আবু জাফর ও তাঁর বন্ধু বিজয়কে সঙ্গে নিয়ে র‍্যাব-১ এর একটি দল শাহজাহানের সন্ধানে বের হয়।
শেষ পর্যন্ত রাত দেড়টার দিকে কুড়িল উড়ালসেতুর নিচে আবু জাফরের কাছ থেকে টাকা নিতে একটি মাইক্রোবাস আসে। মাইক্রোবাস থেকে টাকা নেওয়ার সময় ছয়জনকে আটক করে র‍্যাব। পরে শাহজাহান, বর্ষা, মাইক্রোবাসের চালক ও তিন পুলিশ সদস্যের পরিচয় নিশ্চিত হয় র‍্যাব।
র‍্যাব জানায়, বর্ষাকে টোপ হিসেবে ব্যবহার করে এর আগেও পুলিশের ওই সদস্যরা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা আদায় করেছেন।