ফাঁস প্রশ্নপত্রে উত্তরপত্র তৈরি কেন্দ্রসচিবসহ ছয় শিক্ষক আটক
বরিশালে দাখিল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে উত্তরপত্র তৈরির সময় কেন্দ্রসচিবসহ ছয় শিক্ষককে আটক করা হয়েছে। বরিশালের বাকেরগঞ্জ পৌর শহরের ইসলামিয়া মাদ্রাসা কেন্দ্র থেকে দাখিল পরীক্ষার দুটি বিষয়ের নৈর্ব্যক্তিক ও লিখিত পরীক্ষার চারটি প্রশ্নপত্র ফাঁস করে সংলগ্ন একটি বাড়িতে বসে উত্তরপত্র তৈরির সময় তাঁদের আটক করে গোয়েন্দা পুলিশ।
গতকাল রোববার পরীক্ষা শুরুর আগে সকাল সাড়ে নয়টার দিকে পৌর শহরের রূনসী এলাকার এম রহমান সড়কের মোস্তাফিজুর রহমানের বাড়ি থেকে ওই ব্যক্তিদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন কেন্দ্রের ইসলামিয়া মাদ্রাসার কেন্দ্রসচিব মাওলানা বশিরউদ্দিনসহ মাওলানা নুরুজ্জামান, মাওলানা জসিমউদ্দিন, মাওলানা মেহেদী হাসান, মাওলানা আবু হানিফ ও মাওলানা আবদুস সালাম।
পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার ঘটনায় পাবলিক পরীক্ষা আইনে মামলা দায়েরসহ আটক ছয়জন এবং পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামান।
এস এম আক্তারুজ্জামান বলেন, চলমান দাখিল পরীক্ষায় বাকেরগঞ্জের ইসলামিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রের সচিবসহ অন্য শিক্ষকেরা প্রতিটি পরীক্ষা শুরুর আগে সিলগালা প্যাকেট খুলে প্রশ্নপত্র বাইরে পাঠিয়ে উত্তরপত্র তৈরি করে আসছিলেন। এ বাবদ পরীক্ষার্থীদের কাছ থেকে নির্দিষ্ট হারে অর্থ নিয়ে দায়িত্বরত শিক্ষকেরা ওই উত্তরপত্র কেন্দ্রের পরীক্ষার্থীদের কাছে পৌঁছে দিতেন। সংবাদ পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ কঠোর নজরদারি শুরু করে। গতকাল রোববার সকাল সাড়ে নয়টার দিকে ইসলামিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্র থেকে পদার্থবিজ্ঞান ও ইসলামের ইতিহাস বিষয়ের লিখিত ও নৈর্ব্যক্তিক প্রশ্নপত্র ফাঁস করে সংলগ্ন মোস্তাফিজুর রহমানের বাড়িতে উত্তরপত্র তৈরি করছিলেন শিক্ষকেরা। এ সময় ওই কেন্দ্রের সচিব মাওলানা বশিরউদ্দিনসহ মাওলানা নুরুজ্জামান, মাওলানা জসিমউদ্দিন, মাওলানা মেহেদী হাসান, মাওলানা আবু হানিফ ও মাওলানা আবদুস সালামকে হাতেনাতে আটক করেন গোয়েন্দা পুলিশের সদস্যরা। তাঁদের কাছ থেকে পদার্থবিজ্ঞান ও ইসলামের ইতিহাস বিষয়ের লিখিত ও নৈর্ব্যক্তিক চারটি প্রশ্নপত্র এবং উত্তরপত্র উদ্ধার করা হয়েছে।
উদ্ধার করা প্রশ্নপত্রের সঙ্গে গতকালের দাখিল পরীক্ষার পদার্থবিজ্ঞান ও ইসলামের ইতিহাস বিষয়ের প্রশ্নপত্রের হুবহু মিল রয়েছে বলে জানিয়েছেন অভিযানে নেতৃত্বদানকারী জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার শাহাবউদ্দিন কবির।
শাহাবউদ্দিন কবির বলেন, গতকাল উত্তরপত্র পরীক্ষার্থীদের হাতে পৌঁছানোর আগেই পুলিশের হাতে সংশ্লিষ্ট ব্যক্তিরা আটক হন এবং প্রশ্ন ও উত্তরপত্র জব্দ করা হয়। অভিযানের সময় বাড়ির মালিক মোস্তাফিজুর রহমান পালিয়ে যান। এ ঘটনায় আরও অনেকে জড়িত। তাঁদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।
এ ব্যাপারে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জয়নাল আবেদীন প্রথম আলোকে বলেন, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে কেন্দ্রসচিবসহ শিক্ষকেরা জড়িত। ঘটনাটি গুরুতর হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের পরিবর্তে তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে পুলিশ কর্মকর্তারাই প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।