চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় এবার চতুর্থ শ্রেণির বার্ষিক পরীক্ষার ইংরেজি ও গণিত বিষয়ের প্রশ্নপত্র ফাঁস হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ইউইও) নূরজাহান বেগম বিষয়টি জানার পরও স্থগিত না করে ফাঁস হওয়া প্রশ্নপত্রেই গত রোববার ইংরেজি বিষয়ের পরীক্ষা নেন।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) চুয়াডাঙ্গার উপপরিচালক জাফর ইকবাল বলেন, গত শনিবার রাতে দামুড়হুদার দর্শনায় চতুর্থ শ্রেণির ইংরেজি ও গণিত বিষয়ের প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। ওই দিন রাতেই প্রশ্নপত্র চলে যায় অভিভাবক ও শিক্ষার্থীদের হাতে হাতে। বিষয়টি জানতে পেরে তা তাৎক্ষণিকভাবে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) গোলাম নবীকে জানানো হয়। রোববার সকালে বিষয়টি যাচাই করার জন্য ওই কর্মকর্তাকে ই-মেইল করা হয়। অথচ সেই ফাঁস হওয়া প্রশ্নপত্রেই রোববার দুপুরে পরীক্ষা নেওয়া হয়।
এ বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফরিদুর রহমানকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। ইউএনও রোববার অনুষ্ঠিত ইংরেজি পরীক্ষা বাতিল ও গতকালের গণিত বিষয়ের পরীক্ষা স্থগিত ঘোষণা করেন এবং তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। পাশাপাশি দায়িত্বে গাফিলতির জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) দামুড়হুদা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।
গতকাল দুপুরে দামুড়হুদার প্রাথমিক বিদ্যালয়গুলোতে চতুর্থ শ্রেণির পরীক্ষার্থীরা বিদ্যালয়ে গিয়ে জানতে পারে, তাদের গণিত বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এরপর তারা বাড়ি ফিরে যায়। শিক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকেরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। উপজেলার জুড়ানপুর গ্রামের অভিভাবক জান্নাতুল বাকী বলেন, প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তি এবং কর্তব্যে অবহেলার কারণে শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে জানা গেছে, রোববার থেকে উপজেলার ১১৫টি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। এবারের বার্ষিক পরীক্ষায় চতুর্থ শ্রেণির ছয় হাজার ৪২২ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।
নূরজাহান বলেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সকাল ১০টায় প্রশ্ন ফাঁস হওয়ার বিষয়টি তাঁকে জানান। কিন্তু ই-মেইলে পাঠানো প্রশ্নপত্র ডাউনলোড করতে তাঁর ১২টা বেজে যায়। অল্প সময়ের মধ্যে উপজেলার শতাধিক বিদ্যালয়ের পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয় বলে ফাঁস হওয়া প্রশ্নপত্রেই বেলা একটায় পরীক্ষা নেওয়া হয়।
দামুড়হুদার ইউএনও ফরিদুর রহমান নূরজাহানের এ বক্তব্যকে কর্তব্যে অবহেলার নজিরবিহীন দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন বলেন, প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত ও কর্তব্যে অবহেলাকারীদের কাউকেই ছাড় দেওয়া হবে না।