ফাঁস হওয়া প্রশ্ন ও উত্তর মোবাইলে, বহিষ্কার ২

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় এসএসসি পরীক্ষার ফাঁস হওয়া প্রশ্ন ও উত্তর মোবাইলে নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করার সময় দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার সকালে সখীপুর মডেল পিএম পাইলট স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার কেন্দ্রে এ ঘটনা ঘটেছে।
বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলো কচুয়া পাবলিক উচ্চবিদ্যালয়ের লাবনী আক্তার ও সখীপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের আফরোজা আক্তার।
পরীক্ষার কেন্দ্রসচিব ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ২০ মিনিট আগে কেন্দ্রের মূল ফটকের সামনে কয়েকজন শিক্ষার্থী জটলা বেঁধে মোবাইলে থাকা ফাঁস হওয়া প্রশ্নের উত্তর দেখছিল। এ সময় ওই পরীক্ষার্থীদের হাত থেকে মুঠোফোন নিয়ে নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা। তাঁদের মধ্যে দুই পরীক্ষার্থী মোবাইল ও পরীক্ষার প্রবেশপত্র ফেলে দৌড়ে পালিয়ে যায়। প্রবেশপত্রের মাধ্যমে শনাক্ত করে ওই মোবাইলে জীববিজ্ঞান পরীক্ষার প্রশ্ন ও প্রশ্নের উত্তর পাওয়া যায়। এ ঘটনায় ওই দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন কেন্দ্রসচিব কে বি এম খলিলুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, ‘বহিষ্কার হওয়া দুই শিক্ষার্থী পরীক্ষার হলেই আসেনি। ফেলে যাওয়া প্রবেশপত্র ও মোবাইল সেট আমাদের কাছে সংরক্ষিত আছে।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা বলেন, মোবাইল সেটে পরীক্ষার প্রশ্ন ও উত্তর পাওয়ায় দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
চারজনের জরিমানা
একই পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ আগে বিদ্যালয়ের মাঠে ঢুকে মোবাইল ব্যবহার করার অপরাধে আরিফুল হক (২৭), আমিনুল ইসলাম (২৩), বুলবুল আহমেদ (২৫) ও ফারুক হোসেন (৩৫) নামের চারজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা এ আদালত পরিচালনা করেন।