ফাঁসাতে গিয়ে ফেঁসে গেল গ্রাম পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইলের গ্রাম পুলিশ বাহিনীর এক সদস্যের (চৌকিদার) বিরুদ্ধে ইয়াবা বড়ি রেখে এক ব্যক্তিকে ফাঁসানোর চেষ্টা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় পুলিশ ইয়াছিন মিয়া (২৮) নামের ওই চৌকিদারকে আটক করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার গভীর রাতে নান্দাইল মডেল থানার ওসি আতাউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলা খারুয়া ইউনিয়নের হাটশিরা গ্রামে কথিত ইয়াবা ব্যবসায়ীকে ধরার জন্য যান। ইয়াছিন মিয়া পুলিশকে খবর দিয়ে ওই গ্রামে নিয়ে যান। পুলিশ হাটশিরা গ্রামে ঢুকে মো. ইব্রাহীম মিয়ার (৪০) ঘরের দরজায় কড়া নাড়ে। কিছুক্ষণ পর দরজা খুলে পুলিশ দেখে ভয় পেয়ে যান ইব্রাহীম। পুলিশ এ সময় তাঁর ঘরে তল্লাশি চালাতে থাকে। একপর্যায়ে ইয়াছিন নিজের পকেট থেকে কয়েকটি ইয়াবা বের করে খাটের নিচে ছুড়ে মারেন। বিষয়টি পুলিশের এক সদস্যের চোখে পড়লে তিনি ঘটনাটি ওসিকে বলেন। পরে তল্লাশি বন্ধ করে পুলিশ ইয়াছিনকে আটক করে থানায় ফিরে আসে।
হাটশিরা গ্রামের কয়েকজন ব্যক্তি বলেন, স্থানীয় একটি পক্ষের সঙ্গে ইব্রাহীমের বিরোধ চলছে। এ বিরোধকে কেন্দ্র করে তৃতীয় একটি পক্ষ ফায়দা লোটার জন্য ইয়াছিনকে ব্যবহার করেছে।