ফাঁসি হওয়া জঙ্গির ভাইসহ দুই জেএমবি সদস্য গ্রেপ্তার
বগুড়ায় সাগর আহমেদ ওরফে রনি (২৫) নামে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সন্দেহভাজন এক পলাতক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, তিনি ঝালকাঠিতে বিচারক হত্যা মামলায় ফাঁসি কার্যকর হওয়া অন্যতম আসামি মামুনের ছোট ভাই। এ ছাড়া শেরপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে আরও এক জেএমবি সদস্যকে।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বগুড়া অঞ্চলের সদস্যরা গত বুধবার রাতে শেরপুর উপজেলা সদরের বাগানবাড়ী এলাকার একটি বাসা থেকে সাগরকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে কিছু ধর্মীয় বইপুস্তক উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার তাঁর গ্রেপ্তারের বিষয়টি প্রকাশ করা হয়। সাগর রাজশাহীর মতিহার থানার দাশপাড়া এলাকার কামরুজ্জামানের ছেলে।
পিবিআই বগুড়া অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার আখতার হোসেন দাবি করেন, সাগর জেএমবির সদস্য। তিনি নিহত বাংলা ভাইয়ের ঘনিষ্ঠ সহযোগী বাগমারার মামুনের ছোট ভাই। শেরপুর উপজেলার কুঠিরভিটা গ্রামে গত ৩ এপ্রিল জঙ্গি আস্তানায় বোমা বিস্ফোরণে নিহত জেএমবির চট্টগ্রাম অঞ্চলের সামরিক শাখার প্রধান ‘বোমা কারিগর’ ফারদিনের শ্যালক তিনি। জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে সাগর আগেও পুলিশের হাতে ধরা পড়েছিলেন। তবে সাম্প্রতিক সময়ে জঙ্গিদের বিরুদ্ধে ধরপাকড় শুরু হওয়ার পর আড়াই মাস ধরে বগুড়ার শেরপুরে আত্মগোপন করে ছিলেন।
আখতার হোসেন বলেন, সাগর আহমেদের বিরুদ্ধে পিবিআইয়ের উপপরিদর্শক রফিকুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে মামলা করেছেন। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
শেরপুরে গ্রেপ্তার আরও এক জেএমবি সদস্য: শেরপুরে পুলিশের বিশেষ অভিযানে মারুফ হোসেন রনি (৩০) নামের এক জেএমবি সদস্য গ্রেপ্তার হয়েছেন। মারুফ শেরপুর জেলা শহরের নওহাটা এলাকার মুনসুর আলীর ছেলে। গতকাল শুক্রবার ভোরে সদর থানা-পুলিশ তাঁকে নওহাটা এলাকার বাসা থেকে গ্রেপ্তার করে। বিকেলে শেরপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতের নির্দেশে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সদর থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, গ্রেপ্তার মারুফ জেএমবির একজন সক্রিয় কর্মী। তিনি ২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশের মতো শেরপুরে সংঘটিত সিরিজ বোমা হামলা মামলার আসামি ছিলেন। পরবর্তী সময়ে তিনি আদালতের রায়ে মুক্তি পান। বর্তমানে তাঁর বিরুদ্ধে শেরপুর সদর থানায় সন্ত্রাস দমন আইনে মামলা রয়েছে বলে ওসি জানান।