ফাঁসির দণ্ড পাওয়া আসামি গ্রেপ্তার
চট্টগ্রামে ফাঁসির দণ্ড পাওয়া রাশেদুল ইসলাম চৌধুরী (৩৬) নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার সকালে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ করেরহাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে মিরসরাই থানার পুলিশ।
সীতাকুণ্ড অঞ্চলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সালাউদ্দিন সিকদার প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাশেদুল ইসলাম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে তাঁকে ফাঁসির দণ্ড দিয়েছিলেন আদালত। তিনি আরও বলেন, ২০০৯ সালের ১০ অক্টোবর স্ত্রী তাহমিনা আক্তার ববিকে হত্যার অভিযোগে স্বামী রাশেদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয় মিরসরাই থানায়। এ মামলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিচারক ২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর তাঁকে ফাঁসির দণ্ড এবং এক লাখ টাকা জরিমানার আদেশ দেন। সেই থেকে তিনি পলাতক ছিলেন।