ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পটুয়াখালীর গলাচিপা থেকে নজরুল ইসলাম ওরফে সুমন (৪২) নামের ফাঁসির দণ্ড পাওয়া পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার বিকেলে উপজেলার আমখোলা ইউনিয়নের চিংগুড়িয়া গ্রামে অভিযান চালিয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার নজরুল আন্তজেলা ডাকাত দলের সদস্য। ২০০৬ সালে রংপুরে একটি ডাকাতি ও খুনের মামলায় তিনি পলাতক ছিলেন। ২০১৬ সালে তাঁর ফাঁসির আদেশ হয়।
পুলিশ জানায়, ইউনিয়নের চিংগুড়িয়া গ্রামের মো. আবদুল বারেকের ছেলে নজরুল ২০০৬ সালে রংপুরের বদরগঞ্জে সঙ্গীদের সহায়তায় একটি যাত্রীবাহী বাসে হামলা চালিয়ে লুটপাট করেন। এ সময় বাসের চালক ও এক যাত্রীকে হত্যা করা হয়। এ ঘটনায় ২০০৬ সালের ২৮ মার্চ বদরগঞ্জ থানায় ১১ জনকে আসামি করে মামলা হয়।
গত বছরের ৩০ জুন রংপুরের দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান দশজনকে ফাঁসি এবং একজনকে তিন বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। আসামিদের মধ্যে নজরুল গ্রেপ্তার হওয়ার পর বর্তমানে ফাঁসির দণ্ড পাওয়া আর ছয়জন পলাতক। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মোল্লা জানান, ২০০৬ সাল থেকে নজরুল পলাতক ছিলেন।