ফাঁসির দণ্ডপ্রাপ্ত স্বামী সাতক্ষীরায় গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীফা সুলতানা
শরীফা সুলতানা

ঢাকার ইডেন কলেজের ছাত্রী শরীফা সুলতানা পুতুল (২২) হত্যা মামলায় ফাঁসির দণ্ড পাওয়া তাঁর স্বামী মো. মাহামুদুল আলম সিকদার র্যা বের হাতে গ্রেপ্তার হয়েছেন। গত সোমবার রাতে র্যা ব-৬-এর একটি দল তাঁকে সাতক্ষীরা জেলা সদরের বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার করে।
গতকাল মঙ্গলবার দুপুরে বাগেরহাট সার্কিট হাউসে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে র্যা ব-৬-এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান। পরে তাঁকে বাগেরহাটের মোল্লাহাট থানায় হস্তান্তর করা হয়।
স্ত্রী শরীফা সুলতানাকে গলা কেটে হত্যার দায়ে বাগেরহাট জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান খান ২০১৬ সালের ১৩ মে মাহামুদুল আলম সিকদারকে (৩৬) মৃত্যুদণ্ডের আদেশ দেন। তিনি বাগেরহাটের মোল্লাহাট উপজেলার উদয়পুর দৈবকান্দি গ্রামের বাসিন্দা।
সংবাদ ব্রিফিংয়ে খন্দকার রফিকুল ইসলাম বলেন, মাহামুদুল আলম সিকদার সাতক্ষীরা থেকে অবৈধভাবে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। র্যা বের গোয়েন্দারা গোপন তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করতে সাতক্ষীরা বাসস্ট্যান্ডে অবস্থান নেন এবং সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
শরীফা হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার নথি থেকে জানা যায়, শরীফা ঢাকার ইডেন কলেজের ইতিহাস (সম্মান) বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। শরীফার বড় বোন সাগরিকার বিয়ে হয়েছিল মাহামুদুলের বড় ভাই শাইকুল ইসলামের সঙ্গে। সেই সুবাদে মাহামুদুলের সঙ্গে শরীফার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তাঁরা পালিয়ে বিয়ে করেন। এরপর ২০১৩ সালের ১০ মে পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়। বিয়ের তিন দিন পর ১৩ মে গভীর রাতে মাহামুদুল নিজ বাড়ির শোবার ঘরে শরীফাকে গলা কেটে হত্যা করেন। রাতেই তিনি মোল্লাহাট থানায় গিয়ে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে আত্মসমর্পণ করেন এবং কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করেন। ওই রাতেই পুলিশ তাঁর ঘর থেকে শরীফার লাশ উদ্ধার করে। শরীফার বাবা মো. আবু দাউদ পরদিন শরীফার স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।