ফাঁসে দশ: এসএসসি পরীক্ষায় গ্রেপ্তার ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি এসএসসি পরীক্ষায় যে দিনই পরীক্ষা হচ্ছে, সে দিনই প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। ১ ফেব্রুয়ারি শুরু হয়ে গতকাল শনিবার পর্যন্ত নিয়মিত পরীক্ষার্থীদের ১০টি পরীক্ষা হয়েছে। গতকাল বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় প্রশ্নপত্র ফাঁসের তালিকায় নতুন করে যুক্ত হলো।

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় খুলনা, জামালপুর ও লালমনিরহাটে গতকাল মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবার শুরু থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আগাম ঘোষণা দিয়ে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটছে। আগেও প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটলেও এভাবে কখনো হয়নি। এবার প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফাঁসকারীদের ধরিয়ে দিলে ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করাসহ ১০টির বেশি সিদ্ধান্ত নেওয়া হলেও প্রশ্নপত্র ফাঁস বন্ধ করা যায়নি। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সারা দেশে কেনাবেচা ও সুবিধাভোগী শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হলেও কোথা থেকে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, তা বের করতে পারছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শিক্ষা মন্ত্রণালয় এবং পুলিশ সূত্রে জানা গেছে, তারা ধরেই নিয়েছে চলতি এসএসসিতে বাকি যে কটি বিষয়ের পরীক্ষা রয়েছে, সেগুলোতে আর প্রশ্নপত্র ফাঁস থামানো যাবে না। এ ছাড়া এখন তুলনামূলক কম গুরুত্বপূর্ণ বিষয়ের পরীক্ষাগুলো বাকি আছে। ২৪ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষা শেষ হবে। এখন আগামী ২ এপ্রিল থেকে শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্নপত্র যাতে ফাঁস না হতে পারে, সেটাই তাদের আশঙ্কার বিষয় হিসেবে কাজ করছে।

গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইনও বলেছেন, বর্তমান প্রক্রিয়ায় প্রশ্নপত্র ফাঁস বন্ধ করা সম্ভব নয়। যে পরিস্থিতি হয়েছে, তাতে সবাই মিলে একটা উপায় বের করতে হবে, যেখানে প্রশ্নপত্র ফাঁসের কোনো বিষয় থাকবে না।

প্রথম আলোর জামালপুর প্রতিনিধি জানান,গতকাল জেলার বকশীগঞ্জ এম এন উচ্চবিদ্যালয় কেন্দ্রের ফটকের কাছে পরীক্ষা শুরুর আগ মুহূর্তে স্থানীয় একটি কোচিং সেন্টারের মালিক সাইফুর রহমান (২৪) তাঁর কোচিং সেন্টারে পড়ুয়া কিছু পরীক্ষার্থীকে মুঠোফোনের মাধ্যমে প্রশ্ন দেখাচ্ছিলেন। এ সময় কেন্দ্রসচিব মাসুমুল হক বিষয়টি বুঝতে পেরে পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, ওই কোচিং সেন্টারের মালিকের মুঠোফোনের প্রশ্নের সঙ্গে গতকালের পরীক্ষার (বাংলাদেশ ও বিশ্ব পরিচয়) প্রশ্ন হুবহু মিলে যায়। জিজ্ঞাসাবাদে এই ব্যক্তি জানিয়েছেন, মেসেঞ্জারে সকাল ৯টা ২৬ মিনিটে তিনি প্রশ্ন পান। পরে বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

প্রথম আলোর খুলনা অফিস জানায়, প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে গতকাল খুলনায় তিন পরীক্ষার্থীসহ নয়জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। এরা সবাই কিশোর।

বিকেলে নগরের লবণচরা এলাকায় র‌্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছেন র‍্যাব-৬-এর স্পেশাল কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান। সংবাদ সম্মেলনে জানানো হয়, র‌্যাব জানতে পারে একটি চক্র এসএসসির প্রশ্ন ফাঁস করে টাকার বিনিময়ে ফেসবুকের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়। এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। পরে চক্রটিকে গ্রেপ্তারের জন্য র‍্যাবের একটি দল খুলনা নগরের বিভিন্ন স্থানে গতকাল সকাল ৮টা থেকে অভিযান শুরু করে। বিকেল পর্যন্ত চলা এই অভিযানে ফাঁসকারী চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়। তারা তিন শ থেকে চার শ টাকার বিনিময়ে প্রশ্ন দিত।

র‍্যাব জানিয়েছে, সকালে অভিযানের সময় গ্রেপ্তারকৃত ব্যক্তিদের কাছ থেকে পাওয়া প্রশ্নপত্র পরীক্ষা শুরু হওয়ার আগে খুলনা জেলা প্রশাসকের কাছে দেওয়া হয়। পরে দেখা যায়, গ্রেপ্তারকৃতদের কাছে পাওয়া প্রশ্ন পরীক্ষার প্রশ্নের সঙ্গে মিলেছে।

আটক ব্যক্তিরা র‍্যাবের জিজ্ঞাসাবাদে জানিয়েছে, টাকার বিনিময়ে ‘তুমার স্মৃতিগুলো’ নামের একটি ফেসবুক আইডি থেকে এই প্রশ্ন সরবরাহ করা হয়।

প্রথম আলোর পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি জানান, গতকাল সকাল ১০টার দিকে হাতীবান্ধা উপজেলার বড়খাতা উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম। এ সময় আওলাদ হোসেন নামের এক শিক্ষকের চলাফেরায় সন্দেহ হলে তাঁকে তল্লাশি করেন ইউএনও। ইউএনও বলেন, ওই শিক্ষকের পকেটে একটি নোট প্যাডে বহুনির্বাচনী (এমসিকিউ) অংশের ২৫টি প্রশ্ন এবং উত্তর পাওয়া যায়। এরপর তাঁর মুঠোফোন তল্লাশি করে শনিবারের পরীক্ষাসহ (বাংলাদেশ ও বিশ্ব পরিচয়) এর আগের একাধিক পরীক্ষার প্রশ্ন পাওয়া গেছে। ওই সব প্রশ্ন ফেসবুক থেকে ডাউনলোড করা হয়েছে বলে দাবি করেন আওলাদ হোসেন। পরে তাঁকে আটক করে পুলিশে দেওয়া হয়।

হাতীবান্ধা থানার ওসি শামীম হাসান সরদার বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে কেন্দ্রসচিব জাহেদুল বারী বাদী হয়ে একটি মামলা করেছেন।

যাচাই কমিটির সভা আজ

চলমান এসএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ যাচাই-বাছাইয়ের জন্য গঠিত কমিটি আজ রোববার দ্বিতীয়বারের মতো বৈঠকে বসছে। সচিবালয়ে বিকেল চারটায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। ৯ সদস্যের এই কমিটিতে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরাও সদস্য হিসেবে রয়েছেন।

এ ছাড়া প্রশ্নপত্র ফাঁস রোধে উচ্চ আদালত দুটি কমিটি গঠন করে দিয়েছেন। এর মধ্যে ঢাকার জেলা ও দায়রা জজের নেতৃত্বে গঠিত বিচারিক তদন্ত কমিটির কাজ প্রশ্নপত্র ফাঁসের ঘটনাসহ আনুষঙ্গিক বিষয় তদন্ত করা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদের নেতৃত্বে গঠিত প্রশাসনিক কমিটি ভবিষ্যতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা রোধে করণীয় সম্পর্কে সুপারিশ করবে। প্রতি কমিটি পাঁচজনের সমন্বয়ে হবে। গতকাল পর্যন্ত এই দুটি কমিটি আদালতের আদেশ হাতে পায়নি।