ফাঁড়িতে নিহত রায়হানের ময়নাতদন্তে ৩ সদস্যের মেডিকেল বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‌সিলেটে পু‌লিশ ফাঁ‌ড়িতে নিহত রায়হানের লাশ পুনরায় ময়নাতদন্তের জন‌্য বৃহস্পতিবার কবর থেকে তোলা হয়
প্রথম আলো

সিলেটে পুলিশ ফাঁড়িতে রায়হান আহমদ নামের যুবকের লাশের পুনরায় ময়নাতদন্তের জন্য তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান সহকারী অধ্যাপক শামসুল ইসলামকে প্রধান করে এই বোর্ড গঠন করা হয়। কমিটির অন্য দুই সদস্য হলেন বিভাগের প্রভাষক দেবেস পোদ্দার ও প্রভাষক আবদুল্লাহ আল হেলাল।

ফরেনসিক বিভাগের প্রধান শামসুল ইসলাম প্রথম আলোকে বলেন, আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পুনরায় ময়নাতদন্তের জন্য মেডিকেল বোর্ড গঠন করতে হয়। এ জন্য মেডিকেল কলেজের অধ্যক্ষকে জানিয়ে তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তিনি বলেন, আগের ময়নাতদন্তের ‘প্রিলিমিনারি’ প্রতিবেদন বৃহস্পতিবার সকালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কিছু রাসায়নিক নমুনা চট্টগ্রামের পরীক্ষাগারে পাঠানো হয়েছে। সেগুলোর ফল এলে আবার ময়নাতদন্তের প্রতিবেদন দেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে রায়হানের মরদেহ চার দিন পর কবর থেকে পুনরায় ময়নাতদন্তের জন্য তোলা হয়। মরদেহটি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়।

গত শনিবার মধ্যরাতে রায়হানকে তুলে নিয়ে কোতোয়ালি থানাধীন বন্দরবাজার ফাঁড়িতে আটকে রেখে নির্যাতন করা হয় বলে অভিযোগ করে তাঁর পরিবার। সকালে তিনি মারা যান। নির্যাতনের সময় এক পুলিশের মুঠোফোন থেকে রায়হানের পরিবারের কাছে কল করে টাকা চাওয়া হয়। পরিবারের সদস্যরা সকালে ফাঁড়ি থেকে হাসপাতালে গিয়ে রায়হানের লাশ শনাক্ত করেন। এ ঘটনার শুরুতে ওই ফাঁড়ির পুলিশ সদস্যরা ছিনতাইকারী সন্দেহে নগরের কাস্টঘর এলাকায় গণপিটুনিতে রায়হান নিহত হয়েছেন বলে প্রচার চালায়। কিন্তু গণপিটুনির স্থান হিসেবে যেখানকার কথা বলেছিল পুলিশ, সেখানে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের স্থাপন করা ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরায় এমন কোনো দৃশ্য দেখা যায়নি।

রোববার রাতে রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলা করেন। সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখের তত্ত্বাবধানে তিন সদস্যের একটি অনুসন্ধান কমিটি তদন্ত করে ফাঁড়িতে পুলিশ হেফাজতে মৃত্যুর বিষয়টি সম্পর্কে প্রাথমিকভাবে নিশ্চিত হয়। এ ঘটনায় সোমবার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ চারজনকে সাময়িক বরখাস্ত ও তিনজনকে ফাঁড়ি থেকে প্রত্যাহার করা হয়।

নগরের রিকাবীবাজার এলাকার একটি রোগনির্ণয় কেন্দ্রে চাকরি করতেন রায়হান। সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের আখালিয়ার নিহারিপাড়ায় স্ত্রী, ছয় মাস বয়সী মেয়ে, মা ও চাচাকে নিয়ে বসবাস করতেন তিনি।