ফাঁড়ির সামনে মারধর মুঠোফোন ছিনতাই
বগুড়ার শেরপুর বাসস্ট্যান্ডে গত শুক্রবার দিবাগত রাতে এক নারীকে মারধর করে মুঠোফোন ছিনতাইয়ের ঘটনায় স্থানীয়রা রাসেল মণ্ডল (২৩) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। শহর পুলিশ ফাঁড়ির সামনে চারমাথা মোড়ে মহাসড়কের ওপর শুক্রবার দিবাগত রাত আড়াইটায় এ ঘটনা ঘটে। রাসেল মণ্ডল উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর নতুনপাড়া গ্রামের বাসিন্দা।
উপজেলার মান্দাইল গ্রামের সাগরিকা দাস (৪০) বলেন, তিনি গাইবান্ধার এক বাড়িতে গৃহকর্মীর কাজ করেন। শুক্রবার রাতে তিনি যাত্রীবাহী বাসে নিজ বাড়িতে ফিরছিলেন। রাত দুইটায় শেরপুর বাসস্ট্যান্ডে বাস থেকে নামেন। এরপর বাড়ি ফিরতে সিএনজিচালিত অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় ওই যুবক তাঁকে দেখে স্থানীয় রিকশাস্ট্যান্ডের সামনে মারধর করে তাঁর মুঠোফোন জোর করে ছিনিয়ে নেয়। মারধরে তিনি দুই হাতে আঘাত পান।
স্থানীয় রিকশাচালক জাহিদুল ইসলাম বলেন, ওই নারীর চিৎকার শুনে তিনিসহ অন্য রিকশাচালকেরা এগিয়ে গিয়ে রাসেল মণ্ডলকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান বলেন, আটক রাসেল মণ্ডল মাদকসেবী। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।