ফায়ার সার্ভিসের কর্মীদের ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর সদর উপজেলার নান্দিনায় পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে গত শুক্রবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা আসতে দেরি হওয়ায় তাঁদের ওপর হামলা করেছেন স্থানীয় লোকজন। এ সময় ফায়ার সার্ভিসের চারজন কর্মী আহত হন।
পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় ও স্থানীয় কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, শুক্রবার রাত দুইটার দিকে নান্দিনা পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় কার্যালয়ে থাকা দুটি মোটরসাইকেল, প্রয়োজনীয় কাগজপত্র ও বিদ্যুতের বিভিন্ন সরঞ্জাম পুড়ে যায়। খবর পেয়ে জামালপুরের ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় সরিষাবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম শামীম আলমকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা দেরিতে আসার অভিযোগে তাঁদের ওপর হামলা চালান স্থানীয় লোকজন। এ সময় ফায়ার সার্ভিসের একটি গাড়িও ভাঙচুর করা হয়। হামলায় ফায়ার সার্ভিসের কর্মী আবদুর রাজ্জাক, আলকাস আলী, সুলতান মিয়া ও রফিকুল হাছান আহত হন। এ ঘটনায় জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোফিদুল ইসলাম বাদী হয়ে গতকাল শনিবার অজ্ঞাত ১৫ জনকে আসামি করে সদর থানায় একটি মামলা করেছেন।
তবে মোফিদুল ইসলাম ঘটনাস্থলে দেরিতে যাওয়ার অভিযোগ অস্বীকার করে জানান, আগুন চারদিকে ছড়িয়ে পড়ার পর তাঁদের খবর দেওয়া হয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁরা ঘটনাস্থলে যান। কিছু বুঝে ওঠার আগেই স্থানীয় লোকজন গাড়িতে ও কর্মীদের ওপর হামলা চালান।