ফারুক হত্যার আসামি নুরু জোড়া খুনের মামলায় গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার আসামি নাসিরউদ্দিন নুরুকে জোড়া খুনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশ এ বিষয়ে আবেদন করলে আদালত আজ বৃহস্পতিবার তা গ্রহণ করেন। পরে এ মামলায় পুলিশ নুরুকে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে।

সাংসদ আমানুর রহমান খানের (রানা) ঘনিষ্ঠ সহযোগী নাসিরউদ্দিন নুরু গত শনিবার ফারুক হত্যা মামলায় আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠান। পরে টাঙ্গাইল শহরের চাঞ্চল্যকর মামুন ও শামীম হত্যা মামলায় নুরুকে গ্রেপ্তার দেখানোর জন্য গত রোববার গোয়েন্দা পুলিশ টাঙ্গাইলের জ্যেষ্ঠ বিচারিক হাকিম অঞ্জন কান্তি দাসের আদালতে আবেদন জানায়। আদালত আজ এ বিষয়ে আদেশ দেন।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও জোড়া খুন মামলার তদন্ত কর্মকর্তা অশোক কুমার সিংহ জানান, মামলাটির তদন্ত করতে গিয়ে ঘটনার সঙ্গে নুরুসহ বেশ কয়েকজনের জড়িত থাকার তথ্যও পাওয়া গেছে। তাই নুরুকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

২০১২ সালের ১৬ জুলাই টাঙ্গাইল সদর উপজেলার পিচুরিয়া গ্রামের যুবলীগ কর্মী মামুন ও শামীমকে সাংসদ আমানুরের ঘনিষ্ঠ সহযোগী ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোর্শেদ ফোন করেন ডেকে নেন। এরপর থেকে মামুন ও শামীম নিখোঁজ রয়েছেন। পরে নিখোঁজ মামুনের বাবা হাতেম আলী ২০১৩ সালের ২১ সেপ্টেম্বর টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। মামলায় অভিযোগ করা হয় মামুন ও শামীমকে হত্যা করা হয়েছে।