ফারুকী হত্যাকাণ্ডে এখনো গ্রেপ্তার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টের জামে মসজিদের খতিব ও একাধিক বেসরকারি টেলিভিশন চ্যানেলের ধর্মীয় উপস্থাপক মাওলানা নূরুল ইসলাম ফারুকীর হত্যাকাণ্ডে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
এ হত্যার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও এর সহযোগী সংগঠন ছাত্রসেনা আগামীকাল শনিবারের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তারের সময়সীমা বেঁধে দেয়। ফারুকী আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আন্তর্জাতিক সম্পাদক ছিলেন।

এদিকে আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে জাতীয় ঈদগাহ ময়দানে ফারুকীর দ্বিতীয় জানাজা শেষে মরদেহ তাঁর গ্রামের বাড়ি পঞ্চগড়ে নিয়ে যাওয়া হচ্ছে।

গত বুধবার রাত আটটার দিকে দুর্বৃত্তরা পূর্ব রাজাবাজারের দোতলার ভাড়া বাসায় ঢুকে স্ত্রী ও স্বজনদের আটকে রেখে তাঁদের সামনে ফারুকীকে গলা কেটে হত্যা করে। বুধবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে ফারুকীর ছেলে ফয়সাল ফারুকী বাদী হয়ে অজ্ঞাতনামা আট-নয়জনকে আসামি করে হত্যা মামলা করেন। ফারুকীকে খুন করে বাসা থেকে ছয় লাখ তিন হাজার টাকা লুট হওয়ার অভিযোগ আনা হয়েছে মামলায়। শেরেবাংলা নগর থানার পাশাপাশি মামলাটি ছায়া তদন্ত করছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও র‌্যাব।

তদন্তসংশ্লিষ্ট পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে অনেককেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। হত্যাকাণ্ডের উদ্দেশ উদঘাটনের চেষ্টা চলছে।
তবে গতকাল বিপ্লব বলেছিলেন, ফারুকীর ধর্মীয় মতাদর্শ নিয়ে বিরোধিতা, পারিবারিক সমস্যা, ব্যবসায়িক দ্বন্দ্ব, হজে লোক পাঠানো নিয়ে বিরোধিতার জের ধরে হত্যাকাণ্ড ঘটতে পারে।

মরদেহ বাড়ির পথে

ফারুকীর দ্বিতীয় জানাজায় অংশ নেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, একাধিক টিভি চ্যানেলের ধর্মীয় উপস্থাপক, সুপ্রিম কোর্টের কর্মকর্তা-কর্মচারীসহ শত শত মানুষ।

ফারুকীর দ্বিতীয় স্ত্রীর বড় ভাই জিয়াউল হক জানান, চট্টগ্রামে ফারুকীর ভক্তকুল বেশি থাকার কারণে তাঁর মরদেহ চট্টগ্রামে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু বিভিন্ন জটিলতার কারণে নিয়ে যাওয়া হয়নি।

আগামীকাল বেলা ১১টায় তাঁর গ্রামের বাড়ি বোদা উপজেলার তাওতারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পঞ্চগড়ের নাওছড়ি গ্রামে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।

পঞ্চগড়ে বিক্ষোভ

আজ জুমার নামাজের পর ‘ঈমান আক্বিদা রক্ষা কমিটি’র ব্যানারে পঞ্চগড় শহরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি শেরেবাংলা পার্ক থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আবার সেখানে গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা মাওলানা ফারুকীর হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের খুঁজে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের নিরাপত্তার দাবি জানানো হয়েছে।