ফারুকী হত্যায় নারীসহ গ্রেপ্তার ২

সুপ্রিম কোর্টের জামে মসজিদের খতিব ও একাধিক বেসরকারি টেলিভিশন চ্যানেলের ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক মাওলানা নূরুল ইসলাম ফারুকী হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের মুড়াপাড়া থেকে মাহমুদা খাতুন ও শরিফুল ইসলাম নামের দুজনকে আটক করা হয়। পরে তাঁদের গ্রেপ্তার দেখায় ঢাকার শেরেবাংলা নগর থানার পুলিশ।
মামলা তদন্ত তদারক কর্মকর্তা পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার প্রথম আলোকে বলেন, আটক হওয়া মাহমুদা ও শরিফুলকে ফারুকী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদে পুলিশ হেফাজতে (রিমান্ড) নেওয়ার আবেদন করা হবে।
বিপ্লব কুমার সরকার বলেন, ‘হত্যাকাণ্ডের দিন বিকেলে ওই নারী (মাহমুদা) ফারুকীর বাসায় গিয়েছিলেন। তাঁর কথাবার্তা অসংলগ্ন।’
গত বুধবার রাত আটটার দিকে আট-নয়জন দুর্বৃত্ত পূর্ব রাজাবাজারের দোতলার ভাড়া বাসায় ঢুকে স্ত্রী ও স্বজনদের আটকে রেখে ফারুকীকে গলা কেটে হত্যা করে।
ফারুকীর ধর্মীয় মতাদর্শ নিয়ে বিরোধের বিষয়টি সামনে রেখে পুলিশ এখন পর্যন্ত ৩০ জনকে জিজ্ঞাসাবাদ করেছে।
গতকাল শুক্রবারও এ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সহযোগী সংগঠন ছাত্রসেনা ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।
আজ শনিবারের মধ্যে হত্যাকারী গ্রেপ্তার না হলে কাল রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালনের ঘোষণা দিয়েছেন ইসলামী ছাত্রসেনার সভাপতি নূরুল ইসলাম চিশতি।
ফারুকী আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আন্তর্জাতিক সম্পাদক এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের (মতিন) সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন। একাধিক ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকও ছিলেন তিনি।
ফারুকীর দাফন সম্পন্ন
আমাদের পঞ্চগড় প্রতিনিধি জানান, পঞ্চগড়ের বোদা উপজেলার নাউতারী গ্রামে মা-বাবার কবরের পাশে আজ শনিবার বেলা ১১টার দিকে নূরুল ইসলাম ফারুকীর দাফন সম্পন্ন হয়েছে। এর আগে পারিবারিক কবরস্থানের পাশে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। তাঁর বড় ছেলে আহাম্মেদ রেজা ফারুকী জানাজার নামাজ পড়ান।