ফারুকী হত্যার ঘটনা পরিকল্পিত: আহলে সুন্নাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টের জামে মসজিদের খতিব ও একাধিক বেসরকারি টেলিভিশন চ্যানেলের ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক মাওলানা নূরুল ইসলাম ফারুকী হত্যাকাণ্ডের ঘটনাকে পরিকল্পিত বলে দাবি করেছে আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশ।

আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের এক সংবাদ সম্মেলনে সংগঠনটির মহাসচিব জালাল উদ্দিন আল কাদরী এ দাবি করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন তিনি। সংবাদ সম্মেলনে অবিলম্বে ফারুকীর হত্যাকারীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানানো হয়।

আহলে সুন্নাতের নেতারা বলেন, মাওলানা ফারুকী আজীবন সুন্নিয়াতের প্রচার এবং ইসলামের সুন্নিবাদী দর্শন বুদ্ধিবৃত্তিক উপায়ে গণমাধ্যমে তুলে ধরেছেন। হয়তো এ জন্যই ‘বাতিলপন্থী’ বিকৃত মতাদর্শীরা তাঁকে পরিকল্পিতভাবে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে।

ফারুকীকে হত্যাকারী ‘বাতিলপন্থী’ কারা? সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে চট্টগ্রামের মাইজভান্ডার শরীফের পির ও আহলে সুন্নাত ওয়াল জামায়াত নেতা সাইফুদ্দিন আহমেদ মাইজভান্ডারি বলেন, ‘যাঁরা ইসলাম ধর্মের মৌল ধারার বিরুদ্ধে। কোরআন ও হাদিসকে যাঁরা বিকৃতভাবে উপস্থাপন করেন তাঁরাই বাতিলপন্থী।’ তিনি বলেন, ‘দেশের বাইরেও তাঁদের তত্পরতা দেখেছি সিরিয়ায়। বাংলাদেশেও তাঁদের তত্পরতা বছর খানেক আগে দেখেছি। ইসলামের নামে পবিত্র কোরআন শরিফ ও ধর্মীয় বই-পুস্তকেও আগুন জ্বালাতে তাঁদের হাত কাঁপেনি।’

গোপীবাগে ছয় হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান সাইফুদ্দিন আহমেদ। একই সঙ্গে সুন্নি আলেম-ওলামা ও পির-মাশায়েখদের নিরাপত্তা দাবি জানান তিনি। এসব হত্যাকাণ্ডের বিচার না হলে ভবিষ্যতে জঙ্গিবাদী তত্পরতা ভয়ংকর আকার ধারণ করতে পারে বলে মন্তব্য করেন সাইফুদ্দিন আহমেদ।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এম ওয়াহিদুজ্জামান, আঞ্জুমানে রহমানিয়া মঈনিয়া মাইজভান্ডারির নেতা শহিদুল্লাহ, সুরেশ্বর দরবারের প্রতিনিধি আল নূরী, রুহুল আমিন কাদেরি প্রমুখ।

গত বুধবার রাত আটটার দিকে আট-নয়জন দুর্বৃত্ত পূর্ব রাজাবাজারের দোতলার ভাড়া বাসায় ঢুকে স্ত্রী ও স্বজনদের আটকে রেখে ফারুকীকে গলা কেটে হত্যা করে। ফারুকী আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আন্তর্জাতিক সম্পাদক এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের (মতিন) সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন। একাধিক ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকও ছিলেন তিনি।