ফারুকী হত্যার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাইখ নূরুল ইসলাম ফারুকী
শাইখ নূরুল ইসলাম ফারুকী

সুপ্রিম কোর্ট জামে মসজিদের খতিব ও বেসরকারি টেলিভিশন চ্যানেলের ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক শাইখ নুরুল ইসলাম ফারুকীকে হত্যার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রামে অবরোধ ও বিক্ষোভ হয়েছে।
চট্টগ্রাম নগর ও চন্দনাইশ উপজেলার দোহাজারী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে। মাদ্রাসার শিক্ষার্থী ও তাঁর অনুসারীরা এ কর্মসূচি পালন করেন।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর:
চট্টগ্রাম নগর: সকাল সাড়ে আটটার দিকে ষোলশহর সুন্নিয়া মাদ্রাসার ছাত্র ও ফারুকীর অনুসারীসহ মোট দুই হাজার ব্যক্তি মুরাদপুর মোড় এলাকায় অবস্থান নেন। সকাল সাড়ে ১০টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী তাঁরা ওই এলাকায় অবস্থান করেন। এ সময় অর্ধশতাধিক টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তাঁরা। এ ছাড়া সড়কের বিভিন্ন স্থানে প্রতিবন্ধক ফেলে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে তিন প্লাটুন পুলিশ ঘটনাস্থলে গিয়ে টায়ার ও প্রতিবন্ধক সরিয়ে দিলে আবার যান চলাচল শুরু হয়। সাড়ে ১০টার দিকে ফারুকীর সমর্থক ও মাদ্রাসার শিক্ষার্থীরা মিছিল নিয়ে চট্টগ্রাম প্রেসক্লাবের দিকে চলে যান। 
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ প্রথম আলোকে বলেন, বর্তমানে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়েছে। তিন প্লাটুন পুলিশ নিয়ে তিনি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন।

দোহাজারী (চন্দনাইশ): বেলা পৌনে ১১টার দিকে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ শুরু করেন ইসলামিক ছাত্র সেনা ও ইসলামিক ফ্রন্টের নেতা-কর্মীরা।

এ সময় ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে চন্দনাইশ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করেন। আলোচনার পরিপ্রেক্ষিতে নেতা-কর্মীরা ওই স্থান থেকে চলে গেলে বেলা পৌনে ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রামের সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এ কে এম এমরান ভূঁইয়া প্রথম আলোকে বলেন, বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

রাজধানীর পূর্ব রাজাবাজারের নিজ বাসায় গতকাল রাতে খুন হন শাইখ নুরুল ইসলাম ফারুকী। দুর্বৃত্তরা বাসায় ঢুকে হাত-পা বেঁধে তাঁকে গলা কেটে হত্যা করে।

ফারুকী ইসলামী ফ্রন্টের (মতিন) সভাপতিমণ্ডলীর সদস্য ও আহলে সুন্নাতের নেতা ছিলেন। এ ছাড়া তিনি ইসলামিক মিডিয়া নামে একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিলেন।