ফার্মগেটে সাত কোচিং সেন্টারকে জরিমানা
অবৈধভাবে দেয়াললিখন ও পোস্টার টানানোর দায়ে ফার্মগেটের সাতটি কোচিং সেন্টারকে ৩ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম আলী বেগ এই আদালত পরিচালনা করেন। জরিমানা করা কোচিং সেন্টারগুলোর মধ্যে উদ্ভাস, উন্মেষ, প্যারাগন ও ওরাকলকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া ইউসিসি ও সাইফুরসকে ৪০ হাজার টাকা করে এবং নাসির স্যার নামের এক কোচিং সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ইন্ডিকেটর নামে আরেক কোচিং সেন্টারকে সাবধান করেন আদালত। একই আদালত ভোক্তা অধিকার আইনে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।
প্রায় একই সময়ে পৃথকভাবে মোহাম্মদপুর ও শ্যামলীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন ডিএসসিসির অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম অজিয়র রহমান। এ সময় ফুটপাতে অবৈধভাবে দোকানের মালামাল রাখার দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে শ্যামলী রিং রোডে দুটি রেস্তোরাঁকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। দিনব্যাপী এই অভিযানে ফুটপাত থেকে অর্ধশতাধিক অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়। বিজ্ঞপ্তি