রাজধানীর ফার্মগেটের একটি রেস্টুরেন্ট থেকে গতকাল শুক্রবার ৪১ জনকে আটক করা হয়েছে। পুলিশ বলেছে, এঁরা ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী। নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে তাঁরা গোপন বৈঠকের লক্ষ্যে সেখানে জড়ো হয়েছিলেন।
এদিকে নাশকতার পরিকল্পনার অভিযোগে গত বৃহস্পতিবার গভীর রাতে চট্টগ্রামের পটিয়া উপজেলা থেকে ছাত্রশিবিরের ১০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
পুলিশ বলেছে, গতকাল বিকেল পাঁচটার দিকে ফার্মগেটের একটি রেস্টুরেন্ট থেকে ছাত্রশিবিরের ৪১ জনকে আটক করা হয়। একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার আড়ালে তাঁরা ওই রেস্টুরেন্টে এসেছিলেন। সেখান থেকে একটি ল্যাপটপ, ছাত্রশিবিরের সদস্য সংগ্রহের ফরম, লিফলেট ও বই উদ্ধার করা হয়।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার সাংবাদিকদের বলেন, ‘দেশে বর্তমানে শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে। আমাদের কাছে তথ্য ছিল, শিক্ষামূলক অনুষ্ঠান আয়োজনের আড়ালে ছাত্রশিবিরের লোকজন জড়ো হয়েছেন। বেলা তিনটা থেকে এঁরা রেস্টুরেন্টে আসতে থাকেন। বিকেল পাঁচটার দিকে অভিযান চালিয়ে এঁদের আটক করা হয়।’
তেজগাঁও থানায় করা সংবাদ ব্রিফিংয়ে বিপ্লব কুমার সরকার বলেন, আটক হওয়া ব্যক্তিদের মধ্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতাও রয়েছেন। এ ছাড়া সরকারি বিজ্ঞান কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি আহসান উল্লাহ ও সাধারণ সম্পাদক কামরুল হায়দার এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগ শাখা শিবিরের সভাপতি রায়হানউদ্দিন রয়েছেন। বাকিদের পরিচয় যাচাই-বাছাই চলছে। তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাটবিরোধী আন্দোলনের সঙ্গে এঁদের যোগসূত্র রয়েছে কি না, এ বিষয়টিও খতিয়ে দেখা হবে।
পটিয়ায় আটক ১০: নাশকতার পরিকল্পনার অভিযোগে বৃহস্পতিবার গভীর রাতে পটিয়া পৌর এলাকার দক্ষিণ গোবিন্দারখিলের একটি মেস থেকে ছাত্রশিবিরের ১০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় বিভিন্ন উসকানিমূলক বই, ব্যানার, সরকারবিরোধী পোস্টার উদ্ধার করা হয়। ওই ১০ জন চট্টগ্রাম নগর ও আশপাশের উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র।