বিদ্যুৎ চুরির অভিযোগে রাজধানীর ফার্মগেটের ফার্মভিউ সুপার মার্কেট কর্তৃপক্ষকে ১৪ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের (ডিপিডিসি) বিশেষ টাস্কফোর্স। গতকাল রোববার দুপুর ১২টার দিকে টাস্কফোর্স ওই মার্কেটে অভিযান চালায়।
টাস্কফোর্সের প্রধান ও ডিপিডিসির সচিব মুনীর চৌধুরী ওই অভিযানে নেতৃত্ব দেন। তিনি প্রথম আলোকে বলেন, বহুতল এ বাণিজ্যিক ভবনে চার শতাধিক দোকান ও বাণিজ্যিক কার্যালয় রয়েছে। অভিযানে গিয়ে ভবনটির মিটারের সিল বেআইনিভাবে পরিবর্তনের প্রমাণ মিলেছে। কারিগরি পরীক্ষায় দেখা যায়, ভবনটির মিটারের একটি ফেইজ প্রায় এক বছর ধরে মিটারের সঙ্গে সংযুক্ত নেই। অর্থাৎ ওই ফেজের ব্যবহৃত বিদ্যুৎ মিটারে ওঠেনি। এতে ওই ভবনের ১.৯১ লাখ ইউনিট বিদ্যুতের বিল ফাঁকি দেওয়া হয়েছে। ডিপিডিসির মিটার বিশেষজ্ঞদের সহায়তায় এ অভিযানের পর ফার্মভিউ সুপার মার্কেট কর্তৃপক্ষকে ১৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।