ফাস্ট ট্র্যাকের সোয়া তিন লাখ টাকা লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তা মোড়ে ডাচ্-বাংলা ব্যাংকের ফাস্ট ট্র্যাকে গত সোমবার সোয়া তিন লাখ টাকা লুট করেছে ডাকাতেরা। এ ঘটনায় গত মঙ্গলবার বিকেলে থানায় মামলা দায়ের করেছে ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত সংস্থা।
ব্যাংকের কুষ্টিয়া শাখা ও মডেল থানা-পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে দুজন ডাকাত কৌশলে ফাস্ট ট্র্যাকের ভেতরে ঢুকে দুই নৈশপ্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর তারা টাকা উত্তোলনের এটিএম বুথ ভাঙার চেষ্টা করে। পরে টাকা জমা দেওয়ার বুথ থেকে তারা কৌশলে টাকা লুটে নেয়। এ সময় ব্যাংকের ভেতরে ১০টি ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা, দুটি এটিএম বুথসহ বেশ কিছু যন্ত্রাংশ ভাঙচুর করে ডাকাতেরা।
খবর পেয়ে মঙ্গলবার সকালে পুলিশ ও র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ব্যাংক ও ফাস্ট ট্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্যাংকের কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক নজরুল ইসলাম বলেন, ৩ লাখ ১৮ হাজার ৪০০ টাকা খোয়া গেছে। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীকে দেওয়া হয়েছে। তাতে দুজন ব্যক্তিকে মুখে রুমাল বেঁধে প্রবেশ করতে দেখা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা বলেন, সিসি ফুটেজে ডাকাতদের প্রাথমিকভাবে শনাক্ত করা গেছে। তাদের ধরতে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক জানান, জিজ্ঞাসাবাদ শেষে দুই নৈশপ্রহরীকে ব্যাংকের কর্মকর্তাদের জিম্মায় রাখা হয়েছে।