ফায়ার সার্ভিসের জায়গা দখলে নিয়ে স্থাপনা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফায়ার সার্ভিস স্টেশনের জন্য সরকারের অধিগ্রহণ করা জায়গা দখলে নিয়ে স্থাপনা নির্মাণ করেছেন চৈতি কম্পোজিটের মালিক আবুল কালাম আজাদ। স্থানীয় প্রশাসনের নোটিশ ও থানায় অভিযোগ দায়েরের পরও রাতারাতি এই স্থাপনা নির্মাণ করা হয়।
তবে আবুল কালাম আজাদ দাবি করেন, ‘জমিটি আমার ক্রয় করা। আমার নামে দলিলও আছে। আমি কোনো সরকারি জায়গা দখল করিনি।’
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের জন্য ২০১২ সালে সোনারগাঁ পৌরসভার টিপুরদী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ছোট শিলমান্দি মৌজার জেএল নম্বর ১৪০, আরএস দাগ নম্বর ৯৯, ১০০ ও ১০১-এ দশমিক ৩৩ একর জায়গা অধিগ্রহণ করে সরকার। পরে চৈতি কম্পোজিট শিল্পকারখানার মালিক আবুল কালাম আজাদ অধিগ্রহণ করা এই সম্পত্তির চারদিকে টিনের বেড়া দিয়ে চার বছর ধরে নিজের দখলে রাখেন। উপজেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী টিনের বেড়া সরিয়ে নিতে একাধিকবার নোটিশ দিলেও আবুল কালাম আজাদ তা সরাননি।
সর্বশেষ গত ১৬ জুন নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহাবুবুর রহমান এক সপ্তাহের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে আবুল কালাম আজাদকে নির্দেশ দেন। নির্দেশ না মানায় ১ জুলাই আবুল কালাম আজাদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় অভিযোগ দেন স্থানীয় আমিনপুর ভূমি কার্যালয়ের সহকারী ভূমি কর্মকর্তা আবদুল করিম। অভিযোগে বলা হয়, আবুল কালাম আজাদ সরকারের অধিগ্রহণ করা তিন কোটি টাকা মূল্যের জায়গা আত্মসাৎ করার জন্য সেখানে মসজিদ নির্মাণ করছেন।
গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, চারদিকে টিনের বেড়া দেওয়া জায়গার ভেতরের একাংশে পাকা দেয়াল ও ওপরে টিন দিয়ে মসজিদ নির্মাণ করা হয়েছে।
টিপুরদী গ্রামের বাসিন্দা নুর নবী বলেন, এই গ্রামে মসজিদ থাকার পরও সরকারি জায়গা দখলের জন্য এখানে মসজিদ নির্মাণ করা হয়েছে। তিনি বলেন, ঈদের ছুটিতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এই মসজিদ নির্মাণ করা হয়।
সোনারগাঁ পৌরসভার মেয়র সাদেকুর রহমান বলেন, ‘সোনারগাঁয়ের কাঁচপুর ও মেঘনাঘাট এলাকায় কয়েক শ শিল্পকারখানা রয়েছে। অথচ এই এলাকায় কোনো ফায়ার সার্ভিস স্টেশন নেই। এলাকাবাসীর দীর্ঘ আন্দোলনের পর সরকার জমি অধিগ্রহণ করে ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের উদ্যোগ নেয়। কিন্তু স্টেশন নির্মাণের আগেই জায়গাটির মাঝখানে মসজিদ নির্মাণ করা হচ্ছে। অথচ এখানে মসজিদের কোনো প্রয়োজন নেই। সরকার অবিলম্বে জায়গাটি দখলমুক্ত করে ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের কাজ শুরু না করলে আমরা জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনে যেতে বাধ্য হব।’
নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহাবুবুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমরা ১০ জুলাই নারায়ণগঞ্জের জেলা প্রশাসক বরাবর চিঠি দিয়েছি, যাতে দখলদারকে উচ্ছেদ করতে ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়োগ দেওয়া হয়।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাছের ভূঞা জানান, তাঁদের উচ্ছেদ করার প্রক্রিয়া শুরু হয়েছে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পর তা তদন্ত করা হচ্ছে।