ফি না দেওয়ায় বই পায়নি ৩০০ শিক্ষার্থী
সেশন ফি না দেওয়ায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের রূপাপাত বামনচন্দ্র উচ্চবিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থীকে বই দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য কামরুল মিয়া প্রধান শিক্ষক শাহজাহান শেখের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সহিদুজ্জামানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, চলতি বছরের ১ জানুয়ারি সারা দেশে একযোগে সব স্কুলে বিনা মূল্যে বই বিতরণ শুরু হয়। কিন্তু ওই বিদ্যালয়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে সেশন ফি হিসেবে ৫০০ টাকা আদায় করে নতুন বই বিতরণ করা হয়। যারা এখনো ফি দিতে পারেনি, তাদের বই দেওয়া হচ্ছে না।
বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী বলে, তার সব বন্ধুরা বই পেয়েছে। সে বই পায়নি। বন্ধুরা পড়াশোনা করে এগিয়ে যাচ্ছে। কিন্তু বই না থাকায় সে পিছিয়ে পড়ছে।
রূপাপাত গ্রামের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর অভিভাবক ফকির মিয়া বলেন, সেশন ফির ৫০০ টাকা তিনি সময়মতো জোগাড় করতে পারেননি। ৩০০ টাকা দিয়ে ছেলেকে স্কুলে পাঠিয়েছিলেন বই আনার জন্য। কিন্তু প্রধান শিক্ষক তাকে বই দেননি।
অভিযোগ অস্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান শেখ বলেন, এ পর্যন্ত ৯০০ শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। বিদ্যালয়ে ১ হাজার ২০০ শিক্ষার্থীর অনেকেই বিদ্যালয়ে অনুপস্থিত আছে। ফলে বই বিতরণ করা সম্ভব হয়নি।