ফি বছর ক্ষমতাসীনদের কোটি টাকার বাণিজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দিরাইয়ে জলমহালের দখলকে ঘিরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘাতের পেছনে রয়েছে কোটি টাকার মাছের বাণিজ্য। স্থানীয় মৎস্যজীবী সমিতির নামে জলমহাল ইজারা নেওয়া হলেও এর নিয়ন্ত্রণ করেন মূলত ক্ষমতাসীন দলের নেতারা।

জারুলিয়া নামের জলমহালটির দখল নিয়ে গত মঙ্গলবারের রক্তক্ষয়ী সংঘর্ষে গুলিতে ৩ জন নিহত ও অন্তত ২০ জন ছররা গুলিতে আহত হন। স্থানীয় বাসিন্দা ও জলমহালসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বিপুল অঙ্কের টাকার মাছ আহরণকে নিয়ন্ত্রণে রাখতে এ সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটেছে।

দিরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া এবং উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য একরার হোসেনের সমর্থকদের মধ্যে ওই সংঘর্ষে নিহত তিনজনই একরার হোসেনের সমর্থক।

সুনামগঞ্জের জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব শাখা সূত্রে জানা গেছে, জারুলিয়া জলমহালটি জেলা প্রশাসনের কাছ থেকে বাংলা ১৪২০ থেকে ১৪২৫ সালের জন্য স্থানীয় নাগেরগাঁও মৎস্যজীবী সমবায় সমিতির নামে ইজারা নেওয়া হয়। ৯৭ একর ৬২ শতাংশ আয়তনের এ জলমহালের জন্য প্রতিবছর ১২ লাখ ৯৫ হাজার ৮১৩ টাকা রাজস্ব দিতে হয়। ইজারা নেওয়ার সময় সমিতির সাধারণ সম্পাদক ছিলেন উমেশ দাস। দুই বছর পর তাঁকে বাদ নিয়ে সাধারণ সম্পাদক করা হয় ধনঞ্জয় দাসকে। অভিযোগ, তাঁর হয়ে কলকাঠি নাড়ছেন দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া।

স্থানীয় লোকজন জানান, ওই জলমহাল থেকে প্রতিবছর এক থেকে দেড় কোটি টাকার মাছ আহরণ করা হয়। নীতিমালা অনুযায়ী, দুই বছর পরপর মাছ ধরার কথা থাকলেও তা না মেনে প্রতিবছরই মাছ ধরা হচ্ছে। জলমহাল সাব-ইজারা দেওয়ার নিয়ম না থাকলেও সেটি মানা হয়নি।

উপজেলা যুবলীগের বিগত কমিটির যুগ্ম আহ্বায়ক মকসুদ আহমদ বলেন, অধিকাংশ জলমহালের পেছনে প্রভাবশালীরা আছেন। সমিতির লোকজন নামমাত্র। জলমহাল ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের ক্ষমতা তাঁদের নেই। তাই বাধ্য হয়েই প্রভাবশালীদের সঙ্গে নিতে হয়। এ কারণেই জলমহাল নিয়ে মারামারি-খুনোখুনি হয়।

স্থানীয় বাসিন্দা ও জলমহাল-সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, জলমহাল ইজারা নেওয়ার পর উমেশ দাস তা একরার হোসেনের কাছে ছয় বছরের চুক্তিতে বিক্রি করে দেন। পরে ধনঞ্জয় দাসকে সাধারণ সম্পাদক করা হলে জলমহালের সঙ্গে যুক্ত হন পৌর মেয়র মোশাররফ মিয়া। এরপর এর দখল নিয়ে মোশাররফ ও একরারের মধ্যে বিরোধ দেখা দেয়। এ অবস্থায় গত বছর জলমহাল থেকে বিতাড়িত হন একরার হোসেন ও তাঁর দল। চলতি মাছ ধরা মৌসুমকে সামনে রেখে মঙ্গলবার সকালে একরারের লোকজন আবার এর দখল নিতে গেলে দুই পক্ষের সংঘর্ষ বাধে।

একরার হোসেন বলেন, তিনি সমিতির কাছ থেকে ছয় বছরের জন্য জলমহাল ইজারা নিয়েছেন। তাঁর কাছে চুক্তির কাগজ আছে। মোশাররফ মিয়াকে ভাগ না দেওয়াতেই মঙ্গলবার জলমহালে হামলা হয়েছে।

অন্যদিকে মোশাররফ মিয়া জলমহালটির সঙ্গে সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছেন। একরার ও তিনি উভয়েই আওয়ামী লীগ করেন উল্লেখ করে তিনি বলেন, ‘একসময় আমরা একসঙ্গেই ছিলাম। এখন সে অন্য পক্ষে আছে। এ কারণে হয়তো আমাকে এই ঘটনার সঙ্গে জড়াতে চাইছে।’ তিনি আরও বলেন, ‘ঘটনার সময় আমি দিরাই শহরে ছিলাম।’

লাশ পড়লেও মামলা বা আটক নেই

মঙ্গলবারের ঘটনায় গতকাল বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত থানায় মামলা হয়নি। কাউকে আটক করতে পারেনি পুলিশ।

গতকাল জেলা পুলিশ সুপার মো. হারুন-অর-রশীদ বলেন, নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে বারবার যোগাযোগ করার পরও তারা মামলা দেয়নি। তবে রাতেই মামলা হবে। তিনজনের লাশই গতকাল বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।