ফিটকিরি, নাইট্রিক অ্যাসিড ও রং মিশিয়ে নকল মেহেদি, প্রতিষ্ঠান সিলগালা
ঈদকে সামনে রেখে ফিটকিরি, জেলি, নাইট্রিক অ্যাসিড ও রং মিশিয়ে তৈরি করা হচ্ছিল মেহেদি। এর দায়ে গতকাল বুধবার র্যাবের ভ্রাম্যমাণ আদালত পুরান ঢাকার মেহেদি তৈরির একটি প্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছেন।
র্যাব সূত্র জানায়, গতকাল দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমের নেতৃত্বে র্যাবের ভ্রাম্যমাণ আদালত চকবাজার এলাকায় মেহেদি পারফিউমারি নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালান। র্যাবের উপস্থিতি টের পেয়ে কারখানার মালিক আবদুল করিম পালিয়ে যান। ভ্রাম্যমাণ আদালত দেখতে পান মোম, ফিটকিরি, জেলি, নাইট্রিক অ্যাসিড ও রং মিশিয়ে তৈরি করা হচ্ছিল ‘কিরণমালা’ নামের টিউব মেহেদি। এ সময় জিজ্ঞাসাবাদে কর্তব্যরত কর্মচারী মাননিয়ন্ত্রণে কোনো সদুত্তর দিতে পারেননি। ভ্রাম্যমাণ আদালত সেখান থেকে ১২ ড্রাম মেহেদি দ্রবণ, ১১ কার্টন মেহেদি জব্দের পর ধ্বংস করেন। ভ্রাম্যমাণ আদালত কারখানাটি সিলগালা করেন।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম প্রথম আলোকে বলেন, এ ধরনের মেহেদি ব্যবহার করলে ত্বকে ক্যানসার হতে পারে।
আরও অভিযান: গতকাল সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে র্যাবের ভ্রাম্যমাণ আদালত চকবাজারে হেকিম হাবিবুর রহমান রোডের মেসার্স মিনু পারফিউমারি ওয়ার্কসে অভিযান চালান। আদালত দেখতে পান আটজন কর্মচারী ভারতীয় কোম্পানির নামে আলতা ও ক্রিম হুবহু নকল করে মোড়কজাত করছে। মোড়কের সবকিছুই হিন্দি ও ইংরেজিতে লেখা। আদালত কারখানার মালিক তৌফিক এলাহীকে তিন মাস বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন। একই আদালত পুরান ঢাকার ছোট কাটরায় অস্বাস্থ্যকর, অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই ও মিছরি তৈরি করার দায়ে নিতি ফুডের মালিক আবদুল হাকিমকেও জরিমানা করেন।