ফিরতি টিকিটে বাড়তি অর্থ আদায়ের অভিযোগ
সিরাজগঞ্জে ঈদে ঘরে ফেরা মানুষজনের কাছ থেকে কর্মস্থলে ফেরার অগ্রিম টিকিট বাবদ অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। বিভিন্ন বাস ও কোচের কাউন্টার থেকে নির্ধারিত মূল্যের চেয়ে টিকিটপ্রতি দেড় শ থেকে তিন শ টাকা করে বেশি নেওয়া হচ্ছে।
জানা গেছে, শাহজাদপুর থেকে ঢাকাগামী শাহজাদপুর, উল্লাপাড়া ও তালগাছী থেকে বাসের প্রতিটি অগ্রিম টিকিট পাঁচ শ টাকা করে নেওয়া হচ্ছে। অথচ এই রুটে টিকিটের প্রকৃত মূল্য তিন শ টাকা। যাত্রী মনসুর আলী বলেন, কোনো প্রতিবাদ করতে গেলে টিকিট পাওয়া যাচ্ছে না।
শাহজাদপুর ট্রাভেলসের টিকিট মাস্টার সেলিম বলেন, ‘আমরা তো আর সব সময় বেশি নেই না। শুধু দুই ঈদের পরে একটু বেশি নিয়ে থাকি।’
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা বাস কোচমালিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বলেন, যেহেতু ঈদের পর ঢাকা থেকে ফেরত যাত্রী থাকবে না, সে জন্য শুধু ৯ ও ১০ জুলাই এই দুদিনের জন্য টিকিটপ্রতি ১০০ টাকা অতিরিক্ত নেওয়ার বিষয়ে মালিক সমিতির সিদ্ধান্ত রয়েছে। তার অতিরিক্ত ভাড়া নেওয়া বেআইনি। তারপরও যদি কেউ নিয়ে থাকেন, তাহলে এ বিষয়ে সংশ্লিষ্ট বাসমালিক ও কাউন্টারের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।