ফিরতি লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নদীবন্দর সদরঘাট টার্মিনালে গতকাল রোববার দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটের ১০৩টি লঞ্চ এসেছে। লঞ্চে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন কয়েকজন যাত্রী।

সকাল সাড়ে নয়টার দিকে সদরঘাট টার্মিনালে খোঁজ নিয়ে জানা গেছে, দক্ষিণাঞ্চলের ৪১টি রুট থেকে আসা বেশির ভাগ লঞ্চে অতিরিক্ত যাত্রী ছিল। একাধিক যাত্রীর অভিযোগ, তাঁদের কাছ থেকে সরকার-নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করা হয়েছে।

প্রিন্স অব রাসেল লঞ্চের যাত্রী মো. হেলালউদ্দীন বরগুনা থেকে ঢাকায় আসেন। তিনি অভিযোগ করেন, তাঁর কাছ থেকে লঞ্চের ডেকের ভাড়া নেওয়া হয়েছে ৪০০ টাকা। লঞ্চে ওঠার সময় সরকার-নির্ধারিত ভাড়া নেওয়া হবে বলে জানানো হয়েছিল তাঁকে। তবে লঞ্চে ওঠার পর বেশি টাকা দাবি করা হয়। বাধ্য হয়ে ৪০০ টাকা দেন তিনি। ঈদের আগের দিন তিনি বরগুনায় যান। তখন ভাড়া দিয়েছিলেন ২৭০ টাকা।

সুন্দরবন-১০-এর যাত্রী শিলারা বেগম বরিশাল থেকে ঢাকায় ফিরেছেন। তিনি বলেন, অনেক দর-কষাকষি করে ডেকের ভাড়া ৩০০ টাকা দিয়েছেন তিনি। তবে ঈদের আগে একই ভাড়া আড়াই শ টাকা দিয়েছিলেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে সুন্দরবন লঞ্চের পরিচালক ঝন্টু মিয়া বলেন, ‘যাত্রীদের অভিযোগ ঠিক নয়। সরকার-নির্ধারিত ভাড়াই আমরা আদায় করেছি। অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না; বরং অনেক সময় কম ভাড়াও নেওয়া হচ্ছে।’

নৌ-পুলিশের উপপরিদর্শক আরিফুল ইসলাম বলেন, ‘যাত্রী নিরাপত্তায় ঈদের পাঁচ দিন আগে থেকে নিরাপত্তার দায়িত্বে আমরা আছি। কোনো অবস্থাতেই যাত্রী হয়রানি যাতে না হয় তার জন্য আমরা সতর্ক আছি।’

নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন বলেন, সদরঘাট এলাকায় নদীপথের যাত্রীরা যাতে হয়রানির শিকার না হন, সে জন্য আসা-যাওয়ার পথে যাত্রীদের সুবিধার জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা ও কর্মচারীরা পর্যায়ক্রমে দায়িত্ব পালন করছেন।