ফিরলেন না শুধু আনোয়ার মাঝি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফিশারিঘাট থেকে সাগরে মাছ ধরতে যাওয়া একটি ট্রলারের মাঝি আনোয়ার হোসেন। ১০ জানুয়ারি মাছ ধরতে ১৭ জেলেকে নিয়ে ট্রলারটি ছেড়ে যায় সাগরের উদ্দেশে। চার দিনের মাথায় ডাকাত দলের কবলে পড়ে ট্রলারটি। ট্রলারে থাকা সবাইকে তিন দিন জিম্মি করে আদায় করা হয় মুক্তিপণ। তারপর ১৬ জন সেই ট্রলারে ফিরলেও ফেরেননি শুধু মাঝি আনোয়ার হোসেন।

ফিরে আসা জেলেদের ভাষ্য অনুযায়ী, ১৪ জানুয়ারি কক্সবাজারের লামার কাছে সাগরে তাঁদের ট্রলারটি ডাকাত দলের কবলে পড়ে। তখন ছিল মধ্যরাত, সবাই ঘুমিয়ে ছিলেন। তবে মাঝি আনোয়ার জেগে ছিলেন। ডাকাত দলের ১৩–১৪ জন অস্ত্র নিয়ে ট্রলারটি জিম্মায় নেয়। আনোয়ারকে আক্রমণ করার সময় তিনি হয়তো সাগরে পড়ে যেতে পারেন। তবে আনোয়ারের ভাগ্যে কী ঘটেছে, সেটি কেউ নিশ্চিত করে বলতে পারেননি।

জিম্মি করা ট্রলারের মালিক মো. আলমগীর। তিনি আলমগীর কোম্পানী নামে পরিচিত। তাঁর গ্রামের বাড়ি নোয়াখালীর মাইজদীর আন্ডারচরে। নিখোঁজ আনোয়ারের বাড়িও একই এলাকায়।

আলমগীরের ছেলে মো. মাহফুজ প্রথম আলোকে বলেন, দুই লাখ টাকা মুক্তিপণ দেওয়ার পর ১৬ জানুয়ারি কুতুবদিয়া এলাকা থেকে ট্রলারটি উদ্ধার করা হয়। ট্রলারে থাকা ১৬ জন ফিরলেও ১ জন ফেরেননি।

নিখোঁজ আনোয়ারের স্ত্রী বিবি রাহিমা তিন ছেলেকে নিয়ে নোয়াখালীর মাইজদীর আন্ডারচরেই বসবাস করেন। কাজের কারণে বছরের অধিকাংশ সময় আনোয়ারকে চট্টগ্রামেই বসবাস করতে হয়।

আনোয়ারের আয়েই সংসার চলে। বড় ছেলে তারেক হোসেন স্থানীয় একটি স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ে। মেজ ছেলে ফয়েজ হোসেন পঞ্চম শ্রেণিতে এবং ছোট ছেলে জাবেদ হোসেন দ্বিতীয় শ্রেণিতে পড়ে।

বিবি রাহিমা প্রথম আলোকে বলেন, ‘আনোয়ারের সঙ্গে থাকা জেলেরা নিশ্চিত করে কিছুই বলছেন না। তবে তাঁরা ধারণা করছেন, আনোয়ারকে সাগরে ফেলে দেওয়া হয়েছে। এখন আল্লাহই জানে তাঁর ভাগ্যে কী ঘটেছে। আমি শুধু চাই, মানুষটা যেন ফিরে আসে।’
ডাকাত দলের জিম্মিদশা থেকে ফিরে আসা মো. জাহের প্রথম আলোকে বলেন, ‘আমরা তখন ঘুমিয়ে ছিলাম। ডাকাত দল একটি ট্রলারে এসে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে সঙ্গে থাকা মুঠোফোন এবং টাকাপয়সা ছিনিয়ে নেয়। তারপর ওই ট্রলারের কেবিনে সবাইকে আটকে রাখা হয়। পরে মালিকের কাছ থেকে টাকা পেয়ে সবাইকে ছেড়ে দেওয়া হয়। তবে শুরু থেকেই নিখোঁজ ছিলেন আনোয়ার।’

এদিকে এই ডাকাত দলের প্রধান কবির এবং তাঁর ১৫ সহযোগীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, এ বিষয়ে আজ বিকেল পাঁচটায় র‌্যাব-৭–এর চান্দগাঁও ক্যাম্পে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।