ফিরিঙ্গিবাজারে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরের ফিরিঙ্গিবাজারের শাহজীপাড়ায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। গত মঙ্গলবার রাত ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত থেমে থেমে এই সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্র জানায়, শাহজীপাড়া সমাজ উন্নয়ন কমিটির নেতৃত্ব নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের বিরোধ চলে আসছে। পাড়ায় ৫০টির বেশি জেলে পরিবারের বসবাস। সমাজ উন্নয়ন কমিটি পাড়ার নেতৃত্ব দেয়। আগে কমিটির নেতৃত্বে ছিলেন বিমল সর্দার। ২০১২ সালে মিঠু সর্দার কমিটির সভাপতি নির্বাচিত হন। এরপর থেকে দুই পক্ষের বিবাদ লেগে আছে। এর জের ধরে মঙ্গলবার রাতে বিমল সর্দার ও মিঠু সর্দারের লোকজন লাঠি, দা ও ছোরা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আট-দশটি ঘর ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব বলেন, দা-ছোরা নিয়ে দুই পক্ষ মারামারি করেছে। এতে বেশ কয়েকজন আহত হয়। তাদের মধ্যে গুরুতর আহত আকাশ ও মিঠুনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, আধিপত্য বিস্তার নিয়ে মিঠু সর্দার ও বিমল সর্দারের মধ্যে বিরোধ চলছে। এর আগেও কয়েকবার দুই পক্ষের মধ্যে মারামারি হয়।
কাউন্সিলর হাসান মুরাদ বলেন, ‘আজ (বুধবার) সকালেও আমি ওই পাড়ায় গেছি। সেখানকার পরিস্থিতি থমথমে। বিবাদের স্থায়ী সমাধানের জন্য আমি বৈঠক আহ্বান করতে বলেছি।’
সিএমপির উপসহকারী কমিশনার (দক্ষিণ) শাহ মো. আবদুর রউফ জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। এ পাড়ায় প্রায়ই এ রকম হয়। মঙ্গলবারের ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনায় নগরের কোতোয়ালি থানায় কোনো মামলা হয়নি।