ফিরোজ রশীদের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাল দলিলের মাধ্যমে রাজধানীর ধানমন্ডিতে এক বিঘা আয়তনের বাড়ি দখলে নেওয়ার অভিযোগে জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৬ আসনের সাংসদ কাজী ফিরোজ রশীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গত মঙ্গলবার রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দুদকের উপপরিচালক জুলফিকার আলী মামলাটি দায়ের করেন। দুদকের সচিব আবু মো. মোস্তফা কামাল গতকাল বুধবার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
এজাহারে বলা হয়, ধানমন্ডি ২ নম্বর রোডে এক বিঘা আয়তনের পুরোনো ৭০ এবং নতুন ১০ নম্বর প্লটটি জাল দলিলের মাধ্যমে আত্মসাৎ করেন ফিরোজ রশীদ। বাড়িটির মালিক পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী। বগুড়ায় জন্ম নেওয়া মোহাম্মদ আলী ১৯৫৩ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি কানাডায় পাকিস্তানের হাইকমিশনারের দায়িত্ব পালনের সময় ১৯৫১ সালে সরকারি জমিসহ বাড়িটি বরাদ্দ পান। পারিবারিক সমঝোতার মাধ্যমে মালিকানা পান তাঁর দ্বিতীয় স্ত্রী আলিয়া মোহাম্মদ আলী, ছেলে সৈয়দ মাহমুদ আলী ও মেয়ে সৈয়দা মাহমুদা আলী। সে অনুসারে ১৯৭০ সালের ৩০ মে তাঁদের নামে নামজারি করা হয়।
দুদক সূত্র জানায়, মোহাম্মদ আলীর পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বছর ৮ মার্চ ফিরোজ রশীদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। উপপরিচালক মো. জুলফিকার আলীকে অনুসন্ধান ও পরিচালক মো. নূর আহাম্মদকে তদারককারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়।