ফিরোজ হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশ আন্তরিক নয়
ময়মনসিংহ শহরতলির দিঘারকান্দায় দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে গুলিতে নিহত ফিরোজ সরকারের হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশ আন্তরিক নয় বলে অভিযোগ করেছে তাঁর পরিবার। গতকাল মঙ্গলবার ময়মনসিংহ শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফিরোজের মা ফিরোজা বেগম অভিযোগ করেন, ঘটনার এক মাস হতে চললেও হত্যাকারী নুরুল কবীর ও হুমায়ুন কবীরকে গ্রেপ্তার করছে না পুলিশ। পুলিশ আসলে আসামিদের গ্রেপ্তারের ব্যাপারে আন্তরিক নয়। আসামিদের অবস্থানের ব্যাপারে বেশ কয়েকবার পুলিশকে জানানো হলেও তারা কোনো অভিযান চালায়নি। আসামিরা গ্রেপ্তার না হওয়ায় মামলার সাক্ষীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। নুরুল কবীর ও হুমায়ুন কবীর পুলিশকে মোটা অঙ্কের টাকা দিয়েছেন বলে এলাকায় প্রচার আছে।
ওই ঘটনায় গুলিবিদ্ধ সোহানের বাবা মাহমুদুর রহমান গতকালের সংবাদ সম্মেলনে বলেন, অপরিচিত নম্বর থেকে ফোন করে তাঁকে ঘর থেকে বের না হতে বলা হচ্ছে। বলা হচ্ছে, তিনি যেন সাবধানে চলাফেরা করেন। নইলে যেকোনো সময় গাড়িচাপা দিয়ে তাঁকে মেরে ফেলা হতে পারে।
গত ৬ ফেব্রুয়ারি রাতে দিঘারকান্দা কাদুরবাড়ি এলাকার প্রভাবশালী একটি পরিবারের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ থামাতে গিয়ে পথচারী ফিরোজ গুলিবিদ্ধ হন। এক পক্ষের দুই ভাই নুরুল কবীর ও হুমায়ুন কবীর তাঁকে গুলি করেন বলে অভিযোগ রয়েছে। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
অভিযোগ অস্বীকার করে কোতোয়ালি থানার ওসি কামরুল ইসলাম বলেন, পুলিশ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। শিগগিরই নুরুল কবীর ও হুমায়ুন কবীরকে গ্রেপ্তার করা হবে।