ফিলিং স্টেশনে অভিযান, জরিমানা
চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় ফিলিং স্টেশন ও খুচরা পেট্রল বিক্রির দোকানে অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
নাশকতায় পেট্রলের ব্যবহার বন্ধ করতে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
জেলা প্রশাসনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মনসুরের নেতৃত্বে নগরের টাইগারপাস, অলংকার মোড়, নয়াবাজার, আকবর শাহ ও কর্নেলহাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় লাইসেন্স নবায়ন না করায় কর্নেলহাট এলাকার আলমাস ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলমের নেতৃত্বে নগরের পতেঙ্গা, নতুন চাক্তাই ও মাঝিঘাট এলাকায় খুচরা পেট্রল বিক্রির দোকানে অভিযান চালানো হয়। এ সময় লাইসেন্স না থাকায় নতুন চাক্তাইয়ের সামিয়া ট্রেডার্সকে ৫ হাজার টাকা, পতেঙ্গা এলাকার সোহেল ট্রেডার্সকে ৫ হাজার টাকা এবং মাঝির হাট এলাকার মাহবুবুল আলম ও আবদুল হালিমকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মনসুর বলেন, অভিযানে পেট্রল বিক্রির ক্ষেত্রে ব্যবসায়ীদের আরও সতর্ক ও যত্নশীল হওয়ার নির্দেশ দেওয়া হয়।