ফিলিং স্টেশনের জন্য গাছ কাটল বন বিভাগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈশ্বরদীতে সরকারি গাছ কেটে নেওয়ার পর (চিহ্নিত জায়গায়) মাটি দিয়ে গাছের গোড়া ঢেকে দেওয়া হয়েছে l প্রথম আলো
ঈশ্বরদীতে সরকারি গাছ কেটে নেওয়ার পর (চিহ্নিত জায়গায়) মাটি দিয়ে গাছের গোড়া ঢেকে দেওয়া হয়েছে l প্রথম আলো

পাবনার ঈশ্বরদী-পাকশী মহাসড়কের দাশুড়িয়ায় একটি ফিলিং স্টেশন নির্মাণের জন্য ২০ থেকে ২৫টি সরকারি গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। কারও অনুমতি না নিয়ে উপজেলা বন বিভাগ ও স্থানীয় কয়েকজন উপকারভোগী প্রকাশ্যে এসব গাছ কেটে নিয়েছেন বলে জানা গেছে।
সরেজমিনে গত রোববার দেখা যায়, দাশুড়িয়া-পাকশী মহাসড়কে কালভার্টের পশ্চিম পাশে ‘ফিলিং স্টেশন’ নামের একটি তেলের পাম্প নির্মাণের কাজ চলছে। ফিলিং স্টেশনটি নির্মাণের জন্য মাটি ভরাট ও সীমানাপ্রাচীরের কাজ শুরু হয়েছে। মহাসড়ক থেকে ফিলিং স্টেশনের সীমানা পর্যন্ত মাটি ফেলায় কেটে নেওয়া গাছের গোড়াগুলো ঢাকা পড়ে গেছে। তারপরও সেখানে কেটে নেওয়া নয়টি গাছের গোড়া দেখতে পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শী চার-পাঁচজন লোক বলেন, এক একর দুই শতক জায়গার ওপর ফিলিং স্টেশনটি নির্মাণ করা হচ্ছে। এটির সামনে ৩০ থেকে ৪০টি বিভিন্ন প্রজাতির গাছ ছিল। ছয়-সাত দিন আগে উপজেলা বন বিভাগ ও উপকারভোগী সদস্য হিসেবে পরিচয় দিয়ে সাত থেকে আটজন লোক সেখানকার ২০ থেকে ২৫টি গাছ করাত দিয়ে কেটে নিয়ে যান। কেটে নেওয়ার পর গাছের গোড়াও উপড়ে ফেলা হয়।
নাম প্রকাশ না করার শর্তে ফিলিং স্টেশনটির একজন কর্মচারী বলেন, তিনি গত সপ্তাহে এক দুপুরে তিনি-চারটি মেহগনি ও ছয়টি শিশুগাছ কাটতে দেখেছেন। যাঁরা গাছ কাটছিলেন তাঁরা নিজেদের বন বিভাগ ও উপকারভোগী সমিতির সদস্য পরিচয় দিয়ে কাটা গাছগুলো নিয়ে যান। ফিলিং স্টেশনের মালিক আমজাদ হোসেন এ সময় সেখানে উপস্থিত ছিলেন।

উপজেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, সওজ বিভাগের জায়গায় গাছগুলো লাগানো হয়। তবে ফিলিং স্টেশনের মালিকের অনুরোধে স্থানীয় উপকারভোগীরা গাছগুলো কেটে নিয়েছেন। এতে বন বিভাগের কেউ জড়িত নন।

ফিলিং স্টেশনটির মালিক আমজাদ হোসেন দেওয়ান বলেন, ফিলিং স্টেশনটিতে ঢোকার জন্য প্রশস্ত জায়গা দরকার। মহাসড়কের কিছু গাছ স্টেশনটিতে প্রবেশে সমস্যা করায় উপজেলা বন বিভাগকে জানানো হয়। পরে তাঁরা এসে গাছগুলো কেটে নিয়ে যায়। তিনি শুধু সেখানে উপস্থিত ছিলেন।