ফিলিং স্টেশনের ভেতর দুজনকে কুপিয়ে হত্যা
যশোরের বাঘারপাড়া উপজেলার চারাভিটা এলাকায় একটি ফিলিং স্টেশনের ভেতরে দুজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার সকালে ওই এলাকার মেসার্স আবদুল বারি ফিলিং স্টেশন থেকে দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার ধলগ্রামের রহমান মোল্লার ছেলে ও পাম্পের ব্যবস্থাপক ওবায়দুর রহমান (৩০) এবং রঘুনাথপুর গ্রামের সদর উদ্দিন খানের ছেলে লিজন আহমেদ ওরফে অপু (২৫)। অপু যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর পর্বের ছাত্র ছিলেন। পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা বলেন, গতকাল রোববার রাতে ওবায়দুর, পাম্পের কর্মচারী সিরাজুল ইসলাম ও অপু পাম্পের একটি কক্ষে একসঙ্গে ঘুমিয়ে ছিলেন। সকালে ওই কক্ষের গ্রিল দিয়ে ওবায়দুর ও অপুকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠায়। সকাল থেকে সিরাজুল ইসলামকে পাওয়া যায়নি।
নিহত অপুর বাবা সদর উদ্দিন বলেন, তাঁদের বাড়ির নির্মাণকাজ চলছে। এ কারণে মাস দুয়েক ধরে অপু বাড়ির পাশের ওই পাম্পেই রাতে ঘুমাচ্ছিলেন। তাঁর অভিযোগ, কয়েক দিন আগে স্থানীয় এক ব্যক্তির কাছে তিনি সরিষা বিক্রি করেছিলেন। গতকাল রাতে সেই সরিষা বিক্রির ৪৫ হাজার টাকা তিনি হাতে পান। বাড়িতে কাজ চলায় অপু ওই টাকা নিয়ে পাম্পে ঘুমান। ওই টাকার জন্যই হয়তো তাঁকে হত্যা করা হয়েছে।
যশোরের সহকারী পুলিশ সুপার (খ-সার্কেল) বিল্লাল হোসেন বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। যেহেতু সকাল থেকে সিরাজকে পাওয়া যাচ্ছে না, তাই ধারণা করা হচ্ছে, এই ঘটনার সঙ্গে সিরাজ জড়িত থাকতে পারেন। ঘটনার তদন্ত চলছে।