ফুটন্ত পানিতে স্ত্রী দগ্ধ স্বামী ও শাশুড়ি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শাজাহানপুর উপজেলায় যৌতুকের টাকা না পেয়ে স্বামীর ঢেলে দেওয়া ফুটন্ত গরম পানিতে রিতা খাতুন (২৫) নামের এক গৃহবধূ দগ্ধ হয়েছেন। দগ্ধ ওই গৃহবধূকে হাসপাতালে না পাঠিয়ে দুদিন ধরে ঘরে আটকে রাখা হয় বলে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে।
খবর পেয়ে গতকাল সোমবার শাজাহানপুর থানা–পুলিশ রিতাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় রিতার স্বামী রনিসহ (৩০) পাঁচজনকে আসামি করে থানায় মামলা হয়েছে। পুলিশ রনি ও তাঁর মা মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও রিতার পারিবারিক সূত্রে জানা গেছে, পাঁচ বছর আগে নাটোর জেলার গুরদাসপুর উপজেলার জুমাইনগর গ্রামের মুনছের আলীর মেয়ে রিতার সঙ্গে বগুড়া শহরের লতিফপুর মধ্যপাড়ার আবদুল মালেকের ছেলে রনির প্রেমের বিয়ে হয়। তাঁদের চার বছর বয়সী একটি মেয়ে রয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন রিতা অভিযোগ করেন, বিয়ের পর থেকে তাঁর স্বামী যৌতুকের টাকার জন্য তাঁর ওপর নির্যাতন শুরু করেন। বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা এনে দেওয়ার জন্য রিতার ওপর প্রায়শই শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। এরই ধারাবাহিকতায় গত শনিবার সন্ধায় বাগ্বিতণ্ডার একপর্যায়ে রিতাকে মারপিট শুরু করেন রনি। এ সময় চুলায় থাকা ফুটন্ত গরম পানি রিতার শরীরে ঢেলে দেন রনি। এতে সঙ্গে সঙ্গে রিতার পুরো শরীর ঝলসে যায়। এরপর দুদিন পেরিয়ে গেলেও তঁাকে হাসপাতালে না নিয়ে ঘরে আটকে রাখা হয়। সহ্য করতে না পেরে গতকাল মুঠোফোনে বিষয়টি বাবাকে জানালে শাজাহানপুর থানার পুলিশ দুপুরের দিকে শ্বশুরবাড়ি থেকে তাঁকে উদ্ধার করে।
ওই গৃহবধূকে উদ্ধার করা এসআই কালাচাঁদ ঘোষ বলেন, দাম্পত্য কলহের জের ধরে স্ত্রীর গায়ে গরম পানি ঢেলে দিয়েছিলেন রনি। এতে গৃহবধূর বুক থেকে পেট পর্যন্ত দগ্ধ হয়। তবে তাঁকে ঘরে আটকে রাখা হয়নি। তিনি গিয়ে শয্যাশায়ী ওই গৃহবধূর পাশে তাঁর স্বামীকে বসে থাকতে দেখেছিলেন বলে জানান।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাছউদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দগ্ধ রিতাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া রিতার বাবার করা মামলায় স্বামী ও শাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে।