ফুটপাত ছাড়িয়ে রাস্তায় ব্যবসায়ীদের পসরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ফুটপাত দখল করে চলছে খাবার হোটেল। চুলা জ্বলছে রাস্তার ওপর l প্রথম আলো
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ফুটপাত দখল করে চলছে খাবার হোটেল। চুলা জ্বলছে রাস্তার ওপর l প্রথম আলো

ফুটপাত থেকে সরতে সরতে একেবারে রাস্তার ওপর এসে এখন জ্বলছে চায়ের চুলা, পসরা মেলে বসেছেন ব্যবসায়ীরা। পা রাখার জায়গা নেই ফুটপাতে। কোথাও হোটেল, কোথাও চুল কাটার সেলুন, আবার কোথাও সংগঠনের কার্যালয়—সবই রয়েছে ফুটপাতে। রাজশাহী নগরের ফুটপাতগুলোর চেহারা এখন এ রকমই।
তবে একজন ব্যবসায়ী বললেন, ‘আমরা সিটি করপোরেশনের সঙ্গে কথা বলেই বসি।’
রাজশাহী সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, মহানগরের ভেতরে ৩২০ কিলোমিটার বড় রাস্তা রয়েছে। এই রাস্তার পাশ দিয়ে ২৪ কিলোমিটার টাইলস দিয়ে বাঁধানো ফুটপাত রয়েছে।
নগরের শিরোইল বাস টার্মিনাল এলাকায় রাস্তার দক্ষিণ পাশে ফুটপাতের ওপর প্রায় ৫০টি দোকান রয়েছে। এগুলোর মধ্যে বেশির ভাগ পুরোনো কাপড়ের দোকান। দক্ষিণ পাশে ভাতের হোটেল, চুল কাটার সেলুন থেকে শুরু করে একটি সংগঠনের দলীয় কার্যালয়ও গড়ে উঠেছে।
গত শনিবার দুপুরে ওই এলাকায় গিয়ে ফুটপাতের ওপরের কার্যালয়টির কোনো সাইনবোর্ড পাওয়া যায়নি। তবে এর ওপর একটি কালো কাপড় টানিয়ে দেওয়া হয়েছে। তাতে শুধু লেখা রয়েছে ‘শ্রদ্ধাঞ্জলি’। ভাতের হোটেলের মালিকের নাম মোহাম্মদ সাকিল। তাঁর সঙ্গে কথা বলে জানা যায়, তিনি বাসের একজন স্টাফ। এখন অসুস্থ, তাই হোটেল খুলে বসেছেন। কেউ তাঁকে কিছু বলেনি। উত্তর পাশে পুরোনো কাপড়ের সারি সারি দোকান। একটি দোকানের মালিকের নাম মিঠু। কীভাবে ফুটপাতে ব্যবসা করছেন—জানতে চাইলে বলেন, তাঁরা এখানে দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন। কোনো ভাড়া লাগে না। চাঁদাও লাগে না। শুধু ‘বড় অফিসার’ এলে তুলে দেওয়া হয়। চলে গেলেই আবার বসতে পারেন।
রাজশাহী রেশম বোর্ডের পূর্ব ও পশ্চিম পাশের দেয়াল ঘেঁষে নির্মিত ফুটপাতগুলো কোনো দিনই দখলমুক্ত হয় না। পূর্ব পাশটা থাকে মৌসুমি ব্যবসায়ীদের দখলে। কয়েক মাস ধরে আমের ব্যবসা হয়। তারপর জুতা-স্যান্ডেল থেকে শুরু করে হরেক রকমের জিনিসের দোকান বসে। উত্তর দিকে বরাবরই পুরোনো কাপড় ও ফলমূলের দোকান বসে। এই পাশের একজন ব্যবসায়ী মিজানুর রহমান। তিনি বললেন, তাঁরা ২০-২২ বছর ধরে এই ফুটপাতে ব্যবসা করছেন। সিটি করপোরেশন তুলে দেয় কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা সিটি করপোরেশনের সঙ্গে কথা বলেই বসি।’ কাউকে কোনো ভাড়া দিতে হয় না বলে জানালেন তিনি।
সবচেয়ে নাজুক অবস্থা নগরের সাহেব বাজার এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের রাস্তার। সাহেব বাজারের রাস্তার দুই পাশের ফুটপাত ছেড়ে ব্যবসায়ীরা রাস্তার ওপর তাঁদের দোকান মেলে বসেন। অবশ্য তাঁদের কাছ থেকে সিটি করপোরেশন রীতিমতো প্রতিদিন খাজনা আদায় করে বলে জানালেন ব্যবসায়ীরা।
সিটি করপোরেশনের সঙ্গে কথা বলেই ফুটপাতের দখল চলে—একজন দোকানির এই দাবির ব্যাপারে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক বলেন, ‘ওরা তো ও রকম বলবেই। আগামী সপ্তাহ থেকেই আমাদের উচ্ছেদ অভিযান শুরু হবে।’